জমির মালিক ‘আরেকজনকে দেখিয়ে ৩৮ লাখ টাকা আত্মসাৎ’
ঢাকার খিলক্ষেতের একটি জমির মালিক আরেকজনকে দেখিয়ে অধিগ্রহণের জন্য ৩৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় দুই আইনজীবীসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয় থেকে এ অনুমোদন দেওয়া হয় বলে সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান।
আসামিদের মধ্যে ছয়জন সার্ভেয়ার, একজন কানুনগো ও দুজন আইনজীবী রয়েছেন।
এরা হলেন- ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার ছয় সার্ভেয়ার মো. মজিবুর রহমান, মো. আবু জাফর, মো. আফজাল হোসেন, মো. মনিরুজ্জামান, নাঈম আহমেদ, মো. আবুল কালাম আজাদ এবং একই শাখার কানুনগো মো. শহিদুল ইসলাম।
দুই আইনজীবী হলেন- ঢাকা বার অ্যাসোসিয়েশনের সদস্য মো. মোগল মোল্লা ও মো. আব্দুল বাতেন মোল্লা।
দুদক কর্মকর্তা প্রণব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিরা ‘পরস্পর যোগসাজশে’ জালিয়াতির মাধ্যমে ভুয়া ব্যক্তির নামে ভূমি অধিগ্রহণ দেখিয়ে সরকারের মোট ৩৮ লাখ ৪১২ টাকা আত্মসাত করেছেন।
২০০৭-০৮ অর্থবছরে রাজধানীর খিলক্ষেতের বরুয়া মৌজায় সরকার ৩ দশমিক ৩০ একর ভূমি অধিগ্রহণ করে। এর মধ্যে শূন্য দশমিক ৭০ একর জমির ভুয়া মালিককে আসল মালিক দেখিয়ে ক্ষতিপূরণ নেওয়ার অভিযোগে ২০১৬ সালের ২৪ অগাস্ট রাজধানীর কোতোয়ালি থানায় দুদকের উপ-সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম বাদী হয়ে একটি মামলা করেন।
এজাহারে বলা হয়, আসামিরা ২০১১ সালের ২১ নভেম্বর থেকে ২০১২ সালের ১০ জানুয়ারি পর্যন্ত সময়ে জালিয়াতির মাধ্যমে মালিকানার সমর্থনে ভুয়া কাগজপত্র ব্যবহার করে নূর নাহার নামে একজনকে ক্ষতিপূরণ দেওয়ার নামে সরকারি এই অর্থ আত্মসাত করেন।
পরে তদন্তে দেখা যায়, ২০১২ সালের ২ জানুয়ারি সার্ভেয়াররা জমির মালিকানা দলিল ও নামজারির রেকর্ডপত্র যাচাই না করেই ভুয়া আবেদনকারী নূর নাহারকে ৩৮ লাখ ৪১২ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করেন। পরদিন নূর নাহারকে ওই অর্থ হস্তান্তর করা হয় বলে নথিপত্রে উল্লেখ করা হয়েছে।
প্রণব কুমার বলেন, তদন্তে আরও দেখা যায় আইনজীবী মো. মোগল মোল্লা ও আব্দুল বাতেন মোল্লা জেনেশুনে চেক হস্তান্তরের সময় ‘ভুয়া’ নূর নাহারকে সঠিক ব্যক্তি হিসেবে শনাক্ত করেন।
“নূর নাহারের জাতীয় পরিচয়পত্র, জমির মালিকানা দলিল এবং নামজারি ও জমাভাগের রেকর্ডপত্রের সত্যতা যাচাই করে এসব ভুয়া হিসেবে প্রমাণিত হয় বলে তদন্তে বেরিয়ে আসে।
“ওই জমির প্রকৃত মালিক চট্টগ্রামের আগ্রাবাদের বাসিন্দা নূর নাহার। কিন্তু তিনি ক্ষতিপূরণের জন্য কোন আবেদন করেননি এবং ক্ষতিপূরণের কোন টাকা গ্রহণও করেননি। এছাড়া তদন্তের সময় ‘ভুয়া’ নূর নাহারের কোন খোঁজ পাওয়া যায়নি।”
