২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডেকে নিয়ে ধর্ষণ: ঢাকার উত্তরায় এক ব্যক্তি গ্রেপ্তার

রাজধানীর উত্তরার সাত নম্বর সেক্টরের একটি বাসা থেকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2017, 10:27 PM

Updated : 11 Apr 2022, 11:53 PM

এক তরুণী থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে সাগর রহমান (৩৭) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার শাহেন শাহ জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই তরুণী অভিযোগ করেছে যে পাওনা টাকা আনতে গেলে সাগর তাকে ধর্ষণ করে।”

সাগর ওই ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে ভাড়া থাকেন। অভিযানের সময় তার স্ত্রী বাড়িতে ছিলেন না বলে পুলিশ কর্মকর্তা শাহেন শাহ জানিয়েছেন।

ওই তরুণী এজাহারে বলেছেন, ছয় মাস ধরে সাগরের সঙ্গে তার পরিচয়। তিন মাস আগে সাগর তার কাছ থেকে ১৩ হাজার টাকা ধার নিয়েছিলেন।

বুধবার রাতে সাগর পাওনা টাকা দেওয়ার কথা বলে তাকে বাসায় ডেকে নিয়েছিল বলে দাবি করেছেন তিনি।

সাগর উত্তরায় ‘আইটি ব্যবসা’ করেন বলে পুলিশ কর্মকর্তা শাহেন শাহ জানান। তার বাড়ি ঝিনাইদহে।