২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্গীতজ্ঞ সুধীন দাশ ও করুণাময় গোস্বামীকে স্মরণ

সদ্য প্রয়াত দুই সঙ্গীতজ্ঞ সুধীন দাশ ও করুণাময় গোস্বামী স্মরণে রাজধানীতে শোক সভা হয়েছে, যাতে অংশ নিয়ে তাদের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেছেন সঙ্গীত শিল্পী ও গবেষকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2017, 08:56 PM

Updated : 11 Oct 2022, 02:15 PM

পুরনো খবর:

সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত করুণাময় গোস্বামী
সংগীতজ্ঞ সুধীন দাশ আর নেই

বৃহস্পতিবার বিকালে সুধীন দাশ ও করুণাময় গোস্বামীর স্মরণে এ শোক সভার আয়োজন করে নজরুল ইনস্টিটিউট।

এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে এ শোকসভায় অংশ নিয়ে ‘মাথার উপর ছাদ হয়ে থাকা’ সংগীত ভুবনের দুই দিকপালকে হারানোর কথা বলেছেন শিল্পীরা।

নজরুল সংগীতের বরেণ্য শিল্পীরা বললেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দুই সাধক, গবেষক ও সংগীতজ্ঞ সুধীন দাশ ও অধ্যাপক করুণাময় গোস্বামী প্রয়াণে তৈরি শূন্যতা অপূরণীয়।

আলোচনায় অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, “সুধীন দাশ জাতীয় ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন জাতীয় কবির মহৎ সৃষ্টিকে বিকৃতির হাত থেকে রক্ষা করার জন্য। করুণাময় গোস্বামী নজরুল সংগীতকে সুধী সমাজে তুলে ধরেছেন।”

মুক্তিযুদ্ধকালীন সময়ে সুধীন দাশকে সপরিবারে আশ্রয় দেওয়া ও পরে নজরুল একাডেমিতে নিয়ে আসার ক্ষেত্রে কবি তালিম হোসেনের বিশেষ অবদানের কথা স্মরণ করেন অধ্যাপক রফিকুল।

তিনি বলেন, “সুধীন দাশ সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন। তিনি দেশভাগের পর ভারতে চলে যাননি। এমনকি ১৯৭১ সালেও দেশ ছেড়ে যাননি। সেসময় কবি তালিম হোসেনের সহায়তায় দেশে থেকে গিয়েছিলেন। কবি তালিম হোসেন সুধীন দাশের পরিবারকে রক্ষা করেছিলেন। সে জন্য তালিম হোসেনের কাছেও আমরা কৃতজ্ঞ।”

আশি-নব্বইয়ের দশকে নজরুল সংগীতের শুদ্ধ স্বরলিপি প্রণয়ণে সুধীন দাশদের সঙ্গে কাজ করছিলেন আহসান মোর্শেদ। পরে নজরুল ইনস্টিটিউটে নজরুল সংগীতের স্বরলিপি সত্যায়ন পরিষদেও তারা একসঙ্গে কাজ করেছিলেন।

তিনি বলেন, “সুধীন দাশ আদি গ্রামোফোন রেকর্ড থেকে স্বরলিপি করার ক্ষেত্রে পথিকৃৎ ব্যক্তিত্ব। তার মতো আমিও স্বরলিপি নিয়ে কাজ করেছি। এ ব্যাপারে তালিম হোসেনের প্রেরণা পেয়েছি। করুণাময় গোস্বামীর ‘সংগীত কোষ’ বইটি সঙ্গীতক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সংযোজন। যেকোনো প্রয়োজনে এই বইটির রেফারেন্স নেই আমি।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আব্দুর রাজ্জাক ভুঁইয়া।

আব্দুর রাজ্জাক ভুঁইয়া বলেন, “দেশভাগের পর নজরুল সংগীত চর্চা একেবারেই অবহেলিত ছিল। নজরুল সংগীতকে রাগপ্রধান গান বা আধুনিক গান হিসেবে গাওয়া হত। পরে ১৯৫৪-৫৫ সালে নজরুল সংগীতকে স্বীকৃতি দেওয়া হলে তা প্রচণ্ড জনপ্রিয় হয়ে পড়ে, শিল্পীরা গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়ে ভুলভাল স্বরলিপি ও সুরে গাইতে শুরু করেন। তখন সুধীন দাশ দুই বাংলাতেই এর তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন।

“তারপর তিনি নজরুল সংগীত নিয়ে এক যুদ্ধ শুরু করেন। তার কারণেই বিকৃতির হাত থেকে রক্ষা পায় নজরুল সংগীত, আমরা শুদ্ধ নজরুল সংগীত শুনতে পাই এখন।”

করুণাময় গোস্বামী স্মরণে তিনি বলেন, “করুণাময় গোস্বামীও ছিলেন বহুমাত্রিক লেখক। তার লেখাতেও নজরুল সংগীতের নানা দিক উঠে এসেছিল।”

এসময় তিনি জানান, নজরুল ইনস্টিটিউটে সুধীন দাশের প্রণীত ৩২টি স্বরলিপি সংরক্ষিত আছে।

তারপর নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ইকরাম আহমেদও সুধীন দাশকে নিয়ে স্মৃতিচারণ করেন।

শিল্পী শাহীন সামাদ বলেন, “নামী শিল্পী হওয়ার চাইতে ভাল শিল্পী হওয়ার কথা বলতেন সুধীন দাশ। সুধীনদা পৃথিবীতে নেই কিন্তু প্রত্যেক নজরুল সঙ্গীত শিল্পীর হৃদয়ে তিনি আছেন, থাকবেন চিরদিন। তার প্রত্যাশা ছিল শিল্পীরা ভালো করে গান গাইবে।”

সুবীর নন্দী বলেন, “সুধীন দাশ চলে গেছেন কিন্তু তার কীর্তি আমাদের মাঝে রয়ে গেছে। আগামি প্রজন্মের কাছে তা এক অমূল্য সম্পদ হয়ে থাকবে। তার জীবনাচার খুব সরল ছিল। এটাও একজন শিল্পীর জন্য শিক্ষণীয়। প্রচারবিমুখ সংগীতে সমর্পিত প্রাণ ছিলেন তিনি।”

নাশিদ কামাল বলেন, “সুধীন দাশের মৃত্যুতে পিতৃহারা হলাম। মাথার ওপর থেকে যেন ছায়া সরে গেল।”

ডালিয়া নওশীন বলেন, “সুধীন কাকু নিরালায় নিভৃতে কাজ করতেন। কিন্তু নিজের দায়িত্ব ও সময়ের দাবির প্রতি সৎ ছিলেন। সুধীন দাশকে দেখে নরম মানুষ মনে হত। শুদ্ধ নজরুল গানের চর্চাকে একটা উচ্চতায় তুলে ধরতে নিরলস পরিশ্রম করে গেছেন।”

শিল্পী ইয়াসমিন মুশতারি বলেন, “সুধীন দাশ, করুণাময় গোস্বামী দুজনেই নজরুল গবেষণায় নিবেদিত প্রাণ ছিলেন। করুণাময় গোস্বামী নজরুলের গানের তাত্ত্বিক দিকটা খুব ভালো বুঝতেন।”

পরে তাকে নিয়ে স্মৃতিচারণ করেন বুলবুল মহলানবীশ, রেবেকো সুলতানা, ফেরদৌস আরা ও স্বরলিপিকার সেলিনা হোসেন।

শিল্পী সালাহউদ্দিন আহমেদ বলেন, “নজরুলের গানকে বুঝতে হলে তার স্বরলিপি বুঝতে হবে। আর পুরানো ভাঙাচোরা রেকর্ড শুনে শুনে স্বরলিপি করার সেই কঠিন কাজ করে গেছেন সুধীন দাশ।”

পরে তিনি সুধীন দাশের প্রিয় গান ‘জগতের নাথ করো পার’ গেয়ে শোনান।

সুধীন দাশের জামাতা হাসান মাহমুদ স্বপন বলেন, “তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলছি, সুধীন দাশ যে পথ দেখিয়ে গেছেন তা যেন কখনও থেমে না যায়। তিনি যা বলতেন, সবার সামনে বলতেন। সবাইকে তিনি ভীষণ স্নেহ করতেন, যা কখনও খুব বিরক্তির মনে হত। তিনি বলতেন ‘যতদিন জীবিত থাকব, সবাইকে জ্বালিয়ে যাব’।”