২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত করুণাময় গোস্বামী

সঙ্গীত অনুরাগীসহ নানা শ্রেণি-পেশার মানুষের শেষ শ্রদ্ধায় সিক্ত হয়েছেন সঙ্গীতজ্ঞ করুণাময় গোস্বামী।

জয়ন্ত সাহা

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2017, 03:26 PM

Updated : 11 Oct 2022, 02:14 PM

পুরনো খবর:

করুণাময় গোস্বামীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সঙ্গীতজ্ঞ করুণাময় গোস্বামী মারা গেছেন
সঙ্গীতজ্ঞ করুণাময় গোস্বামীকে শেষ শ্রদ্ধা সোমবার

সোমবার সকাল ১০টায় একুশে পদকপ্রাপ্ত এই সঙ্গীত গবেষকের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বাংলা একাডেমি প্রাঙ্গণে আনা হয়। এসময় সাদা পোশাকে উপস্থিত ছিলেন তার মেয়ে তিথি গোস্বামী।

একে একে বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে শুরু করে নানা সংগঠন ও পেশার মানুষরা করুণাময় গোস্বামীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করতে সেখানে জড়ো হন।

বাংলা একাডেমির পক্ষে একাডেমির সভাপতি ড. আনিসুজ্জামান শ্রদ্ধা নিবেদন করতে আসেন।

তিনি বলেন, “সাহিত্য সম্পর্কে তার যে বিশেষ জ্ঞান, তা অসামান্য।সাহিত্যের ইতিহাস ও সৌন্দর্য বিশ্লেষণে তিনি যে ভূমিকা রেখেছেন, তা তুলনাহীন।

“ভারত বর্ষ ভাগের ইতিহাস ও প্রেক্ষাপট নিয়ে অধ্যাপক করুণাময় গোস্বামীর লেখা ‘ভারতভাগের অশ্রুকণা’ ও ‘লাহোরের রহিম খের’ উপন্যাস দুটি ‘ভীষণ তাৎপর্যপূর্ণ।”

বারিধারা ডিওএইচএসে নিজের বাসায় শুক্রবার রাত পৌনে ১২টায় মারা যান করুণাময় গোস্বামী। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

বেলা পৌনে ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করতে আসেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, “তিনি যে সাহিত্য-কোষ বের করে গিয়েছিলেন, তা সাহিত্য উৎকর্ষতার দিকে একটি অসাধারণ মাত্রা যোগ করেছে। আমি যখন সংস্কৃতি প্রতিমন্ত্রী ছিলাম, তখন তার জ্ঞান ও মনীষার প্রমাণ পেয়েছিলাম।”

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করতে এসে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, “বাংলা অভিধানে ‘জ্ঞানতাপস’ যে শব্দটি আছে, তা শতভাগ তার ব্যক্তিত্বকে তুলে ধরে।

“তিনি মূলত ইংরেজি সাহিত্যের ছাত্র হলেও তার গবেষণা, উপন্যাস সবই ছিল বাংলায়। তার সঙ্গীত নিয়ে মৌলিক চিন্তা ছিল, সেদিক থেকে বলব- তার মত বড় কাজ খুব কম মানুষ করে গেছে। তিনি ছিলেন অন্তর্মুখী মানুষ। এদেশের সৎ সাহিত্য প্রচারের ক্ষেত্রে তিনি বড় ভূমিকা রেখে গেছেন।”

করুণাময় গোস্বামীর ‘অসমাপ্ত কাজ’ নিয়ে সাংবাদিকদের সামনে কথা বলেন মেয়ে তিথি গোস্বামী।

“বাবার আত্মজীবনী লেখার ইচ্ছা ছিল, সেটি তিনি করে যেতে পারেননি। বাবার জীবনদর্শন ও কর্ম নিয়ে কথোপকথনের ৩০/৩৫ ঘণ্টার রেকর্ডিং আমার কাছে আছে, সেটাকে আমি জীবনী আকারে রূপ দেওয়ার চেষ্টা করব।”

মৃত্যুর কিছুদিন আগে করুণাময় গোস্বামী যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন জানিয়ে তিথি বলেন, “ভারত ভাগ নিয়ে বাবা দুটি উপন্যাস লিখছিলেন, তৃতীয় আরেকটি উপন্যাসের কাজ শুরু করেছিলেন। সেই কাজে সহায়তায় জন্যই আমাদের দেশে আসতে বলেন বাবা।”

তার বাবাকে নিয়ে যে কোনো ধরনের গবেষণা করা হলে তাতে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি।

বাংলা একাডেমিতে লেখক-গবেষকদের শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে নাগরিক শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর্ব শুরু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধা জানিয়ে উপাচার্য অধ্যাপক আ আ  ম স আরেফিন সিদ্দিক বলেন, “সামাজিক-সাংস্কৃতিক ক্ষেত্রে তার অনেক কর্মপরিকল্পনা ছিল। অনেক কাজ অসমাপ্ত রেখে অকালে মারা গেলেন তিনি। শিক্ষা-সাহিত্য আর সংগীত ভুবনে তার বিচরণ ছিল অতুলনীয়।”

সেখানে শিল্পকলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, ছায়ানট, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, বাংলাদেশ নারী পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, বিএসবি ফাউন্ডেশন, সরকারি গুরুদয়াল কলেজ এবং সরকারি তোলারাম কলেজসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন করুণাময় গোস্বামীর প্রতি শ্রদ্ধা জানায়।

শ্রদ্ধা নিবেদনের কথোপকথন পর্বে করুণাময় গোস্বামীর লেখা ‘ভারতভাগের অশ্রুকণা’ ও ‘লাহোরের রহিম খের’ উপন্যাস দুটিকে ‘মানবিক দলিল’ হিসেবে উল্লেখ করেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।

তিনি বলেন, অধ্যাপক করুণাময় গোস্বামী সংগীতবেত্তা হিসেবে অসামান্য অবদান রেখে গেছেন।”

নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, “নজরুলকে নতুনভাবে আবিস্কার করে গেছেন তিনি। স্বাধীনতার পরে দুই বাংলাতেই উপেক্ষিত ছিল নজরুল গবেষণা। করুণাময় গোস্বামী নানাভাবে নানারূপে এই গবেষণাকে পুনরুজ্জীবিত করেছেন।”

করুণাময় গোস্বামীকে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশের ‘এক অনন্য প্রতিনিধি’ হিসেবে উল্লেখ করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।

“তার কাছ থেকে আমরা জীবনের অর্থ খুঁজে পেয়েছি, পেয়েছি প্রেরণা। সাংস্কৃতিক জাগরণেও তিনি রেখে গেছেন অনন্য ভূমিকা।”

একুশে পদক জয়ী শিল্পী মাহমুদ সেলিম জানালেন, ৩৬টি বাংলা গানের ইংরেজি অনুবাদ করতে চেয়েও তা অসমাপ্ত রেখে গেলেন করুণাময় গোস্বামী।

সব শেষে করুণাময় গোস্বামীর ছেলে সায়ন্তন গোস্বামী বলেন, “বাবা আমাদের এক্সটেনডেড ফ্যামিলির প্রতি ভীষণ যত্নবান ছিলেন।হি ওয়াজ দ্যা রক অফ ফ্যামিলি।

“সাহিত্য-সংস্কৃতি আর শিক্ষার সব ক্ষেত্রে তিনি কাজ করেছেন। সবসময় পজিটিভ চিন্তা করতেন, ভালো কাজে উৎসাহ দিতেন। বাবাকে তার কাজের মধ্যে মনে রাখবেন।”

শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে করুণাময় গোস্বামীর মরদেহ তার নিজ জেলা নারায়ণগঞ্জে নিয়ে যাওয়া হয়।

সেখানে প্রথমে তার জীবনের প্রথম কর্মক্ষেত্র সরকারি তোলারাম কলেজে নেওয়া হয় মরদেহ। পরে স্থানীয় প্রেসক্লাব ও শহীদ মিনারে আরও দুই দফা শ্রদ্ধা নিবেদন শেষে গাব্তলি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয় বলে জানান ছেলে সায়ন্তন গোস্বামী।