রাষ্ট্রপতির কাছে তিন অনাবাসিক দূতের পরিচয়পত্র পেশ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আর্মেনিয়া, মরিশাস এবং দক্ষিণ আফ্রিকার অনাবাসিক দূত।
বুধবার বিকালে আর্মেনিয়ার রাষ্ট্রদূত আরমেন মার্টিরোসায়ান, মরিশাসের হাই কমিশনার জগদীশ্বর গোবর্ধন এবং দক্ষিণ আফ্রিকার হাই কমিশনার রবিনা প্যাট্রেসিয়া মার্কস পৃথকভাবে পরিচয়পত্র পেশ করেন বলে জানান রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
পরিচয়পত্র পেশ করেন আর্মেনিয়ার রাষ্ট্রদূত
রাষ্ট্রপতি সাক্ষাতের সময় দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক বাড়াতে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এসময় তিনি বাংলাদেশের তথ্য-প্র্রযুক্তি খাতসহ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির কথাও তুলে ধরেন বলে জানান প্রেস সচিব।
পরিচয়পত্র পেশ করেন দক্ষিণ আফ্রিকার হাই কমিশনার
রাষ্ট্রদূতরা বলেন, তারা বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে কাজ করবেন।
এর আগে নতুন দূতরা বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদের পৃথকভাবে গার্ড অব অনার দেয়।
