হাইতি শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ঢাকা ছেড়েছে ১৪০ পুলিশ
বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্যের একটি দল জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর হাইতি মিশনে যোগ দিতে ঢাকা ছেড়েছে।
বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্যের একটি কন্টিনজেন্ট জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর হাইতি মিশনে ব্যানএফপিইউ-৩ কন্টিনজেন্ট প্রতিস্থাপনের জন্য ঢাকা ছেড়েছে।
মঙ্গলবার গভীর রাতে ইউএন চার্টার ফ্লাইটে হাইতি মিশনের ব্যানএফপিইউ-৩ কন্টিনজেন্টে যোগ দিতে হাইতির উদ্দেশে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা করেন বলে পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, দলটির নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার মির্জা আবদুল্লাহেল বাকী।
পুলিশ সদরদপ্তরের এআইজি (ইউএন অ্যাফেয়ার্স) শেখ রফিকুল ইসলাম এবং অন্যান্য পুলিশ কর্মকর্তা মিশনগামী সদস্যদের বিমানবন্দরে বিদায় জানান।
এর আগে অতিরিক্ত আইজিপি মো. মইনুর রহমান চৌধুরী মিশনগামী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সদরদপ্তরে দিকনির্দেশনামূলক ব্রিফিং দেন।
এ সময় তিনি মিশনে নিয়োজিত থাকাকালে বাংলাদেশ এবং বাংলাদেশ পুলিশের সম্মান ও মর্যাদা অক্ষুণ রেখে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জাতিসংঘের ম্যান্ডেট বাস্তবায়নের জন্য পুলিশ শান্তিরক্ষীদের প্রতি আহ্বান জানান।
বর্তমানে দারফুর, কঙ্গো, হাইতি ও মালিসহ পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত ও সংঘাতপূর্ণ বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের এক হাজার ৩৮ জন সদস্য পেশাদারিত্ব ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
