গারো তরুণী ধর্ষণ: রুবেলসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণ মামলার আসামি রাফসান হোসেন রুবেলসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বুধবার এই অভিযোপপত্র জমা দেওয়া হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই হরলাল রায়।
এতে রুবেল ছাড়া তার সহযোগী সালাউদ্দিন মিনা, আল আমিন (পলাতক) এবং ইমরানকে (পলাতক) আসামি করা হয়।
এসআই হরলাল বলেন, “এখন এটি বিচারকের কাছে পাঠানো হবে। তিনি পর্যবেক্ষণ শেষে তা ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে পাঠাবেন।”
প্রতিবেদনে ১৫ জনকে সাক্ষী করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে কয়েক দফা পিছিয়ে গত ৭ জুন মামলার অভিযোপপত্র জমা দেওয়ার দিন নির্ধারিত থাকলেও নতুন তদন্ত কর্মকর্তা শাহীনূর রহমান সময় চাওয়ায় মহানগর হাকিম মাজহারুল ইসলাম ৫ জুলাই নতুন দিন ধার্য করে দিয়েছিলেন।
গত বছরের ২৫ অক্টোবর বিকালে রাজধানীর উত্তর বাড্ডার ৩ নম্বর লেনের হাসান উদ্দিন সড়ক থেকে ওই গারো তরুণীকে তুলে একটি পরিত্যাক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করেন রুবেল। তিন দিন পর বাড্ডা থানায় রুবেলকে প্রধান আসামি করে মামলা করা হয়।
মামলার ১৭ দিন পর গত ১১ নভেম্বর বিমানবন্দর স্টেশন এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেয় র্যা ব। কিন্তু দুদিন পর ঢাকার আদালত প্রাঙ্গণে পুলিশের হেফাজত থেকে হাতকড়া নিয়ে পালিয়ে যান তিনি। দুদিন পর বাড্ডা এলাকা থেকে তাকে ফের গ্রেপ্তার করে পুলিশ।
রুবেল উত্তর বাড্ডার মিশ্রিটোলা এলাকার মফিজ উদ্দিন ওরফে মুফু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য ও সন্ত্রাসী ঘটনায় বাড্ডা থানায় আটটি এবং অস্ত্র আইনে রামপুরা থানায় একটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত।
