গারো তরুণী ধর্ষণ: ফের বেড়েছে প্রতিবেদন দাখিলের সময়
রাজধানীতে গারো তরুণী ধর্ষণ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ফের বাড়িয়েছে আদালত।
প্রতিবেদন জমার দেওয়ার সর্বশেষ নির্ধারিত দিন বুধবার মামলার নতুন তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই শাহীনুর রহমান সময় চান।
এতে সাড়া দিয়ে মহানগর হাকিম মাজহারুল ইসলাম প্রতিবেদন জমার সময় পিছিয়ে আগামী ৫ জুলাই নির্ধারণ করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সংশ্লিষ্ট আদালতে পুলিশের এসআই হরলাল।
মামলার প্রধান আসামি রাফসান হোসেন রুবেল এর আগে ১৬৪ ধারায় জবানবন্দি দিলেও মামলাটির নতুন তদন্ত কর্মকর্তা গত ৩ এপ্রিল আদালতের অনুমতি নিয়ে তাকে ফের রিমান্ডে পান।
ফৌজদারি কার্যবিধি ও সাক্ষ্য আইন অনুযায়ী একবার হাকিমের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর সাধারণত সেই স্বীকারোক্তি জুডিশিয়াল রেকর্ড হিসেবে গ্রহণ করা হয়। পরে রিমান্ডে নেওয়ার আর সুযোগ থাকে না।
তবে যৌক্তিক কারণে অথবা ওই স্বীকারোক্তি সম্পর্কে কোনো সন্দেহ থাকলে পর্যাপ্ত যুক্তি দেখিয়ে বিচারককে সন্তুষ্ট করে আবার রিমান্ডে নেওয়া যায়।
গত বছরের ২০ নভেম্বর মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর খাসকামরায় রুবেল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। এর আগে তাকে রিমান্ডে পেয়েছিল পুলিশ।
গত বছরের ২৫ অক্টোবর বিকালে রাজধানীর উত্তর বাড্ডার ৩ নম্বর লেনের হাসান উদ্দিন সড়ক থেকে ওই গারো তরুণীকে তুলে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করেন রুবেল। তিন দিন পর বাড্ডা থানায় রুবেলকে প্রধান আসামি করে মামলা হয়।
১৭ দিন পর গত ১১ নভেম্বর বিমানবন্দর স্টেশন এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেয় র্যাব। কিন্তু দুদিন পর ঢাকার আদালত প্রাঙ্গণে পুলিশের হেফাজত থেকে হাতকড়া নিয়ে পালিয়ে যান তিনি। দুদিন পর বাড্ডা এলাকা থেকে তাকে ফের গ্রেপ্তার করে পুলিশ। এরপর আদালতের মাধ্যমে তাকে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়।
রুবেল উত্তর বাড্ডার মিশ্রীটোলা এলাকার মফিজ উদ্দিন ওরফে মফু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য ও সন্ত্রাসী ঘটনায় বাড্ডা থানায় আটটি এবং রামপুরা থানায় অস্ত্র আইনের একটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত।
