২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গারো তরুণী ধর্ষণ: তদন্ত প্রতিবেদন ৭ জুন

রাজধানীতে গারো তরুণী ধর্ষণ মামলায় আগামী ৭ জুন তদন্ত প্রতিবেদন দেওয়ার নতুন তারিখ পড়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2017, 03:48 PM

Updated : 19 Aug 2022, 04:38 PM

বুধবার মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার পুলিশের উপ-পরিদর্শক শাহীনুর রহমান না দিয়ে আরও সময় চাইলে মহানগর হাকিম মাজহারুল ইসলাম নতুন তারিখ রাখেন বলে আদালতের সংশ্লিষ্ট পুলিশের এসআই হরলাল জানান।

ধর্ষণ মামলার প্রধান আসামি রাফসান হোসেন রুবেল ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার পর মামলার নতুন তদন্ত কর্মকর্তা আদালতের অনুমতি নিয়ে গত ৩ এপ্রিল তাকে ফের রিমান্ডে নেন।

ফৌজদারি কার্যবিধি ও সাক্ষ্য আইন অনুযায়ী একবার হাকিমের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়ার পর সাধারণত সেই স্বীকারোক্তি জুডিশিয়াল রেকর্ড হিসেবে গ্রহণ করা হয়। পরে রিমান্ডে নেয়ার আর সুযোগ থাকে না।

তবে যৌক্তিক কারণে অথবা ওই স্বীকারোক্তি সম্পর্কে কোনো সন্দেহ থাকলে পর্যাপ্ত যুক্তি দেখিয়ে বিচারককে সন্তুষ্ট করে আবার রিমান্ডে নেয়া যায়।   

গত বছরের ২০ নভেম্বর  মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর খাসকামরায় রুবেল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। এর আগে তাকে রিমান্ডে পেয়েছিল পুলিশ।

গত বছরের ২৫ অক্টোবর বিকালে রাজধানীর উত্তর বাড্ডার তিন নম্বর লেনের হাসান উদ্দিন সড়ক থেকে ওই গারো তরুণীকে তুলে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধর্ষণ করেন রুবেল। তিন দিন পর বাড্ডা থানায় রুবেলকে প্রধান আসামি করে মামলা হয়।

১৭ দিন পর গত ১১ নভেম্বর বিমানবন্দর স্টেশন এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেয় র‌্যাব। কিন্তু দুদিন পর ঢাকার আদালত প্রাঙ্গণে পুলিশের হেফাজত থেকে হাতকড়া নিয়ে পালিয়ে যান তিনি। দুদিন পর বাড্ডা এলাকা থেকে তাকে ফের গ্রেপ্তার করে পুলিশ। এরপর আদালতের মাধ্যমে তাকে ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়।

রুবেল উত্তর বাড্ডার মিশ্রীটোলা এলাকার মফিজ উদ্দিন ওরফে মফু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য ও সন্ত্রাসী ঘটনায় বাড্ডা থানায় আটটি এবং রামপুরা থানায় অস্ত্র আইনের একটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত।

পুরনো খবর:

গারো তরুণী ধর্ষণ: আসামি রুবেল ফের রিমান্ডে