বৃষ্টির পানিতে বিদ্যুতের তার, দোকান কর্মচারীর মৃত্যু
ঢাকার কদমতলীতে বৃষ্টির জমা পানিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও দুজন।
নিহত লিটন হাওলাদার (৩০) যাত্রাবাড়ীর দক্ষিণ ধনিয়ায় থেকে কদমতলীতে আয়েশা মোশারফ মার্কেটের একটি কাপড়ের দোকানে কাজ করতেন। তার বাবার নাম ইসমাঈল হাওলাদার।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকের এ ঘটনায় আহত দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া।
আহতরা হলেন- ওই কাপড়ের দোকানের মালিক মো. ইউনুস (৪৫) ও তার ভাগিনা সাইদুল ইসলাম (৩৪)।
এসআই বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর পৌনে ১টার দিকে কদমতলীতে বিদ্যুৎস্পৃষ্ট তিন ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য লিটনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আয়েশা মোশারফ মার্কেটের ব্যবসায়ী ইসমাঈল হোসেন জানান, সকালে মার্কেটের পূর্ব গেইটের কাছে বিদ্যুতের তার ছিঁড়ে বৃষ্টির জমা পানিতে পড়ে।
বেলা সাড়ে ১১টার দিকে মার্কেটের ‘আল মদিনা’ কাপড়ের দোকান মালিক ইউনুস, তার ভাগিনা সাইদুল ও দোকান কর্মচারী লিটন ওই পথ ধরে দোকানে যাচ্ছিলেন। এসময় পানিতে পা পড়ে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন।
