ডিবিতে যাচ্ছে ফরহাদ মজহারের মামলা
ফরহাদ মজহারকে অপহরণের অভিযোগে স্ত্রীর করা মামলার তদন্তভার যাচ্ছে গোয়েন্দা পুলিশের হাতে।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, “আদাবর থানা থেকে মামলাটি ডিবিতে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে আমরা মামলার নথিপত্র ডিবিতে পাঠাব।”
ডানপন্থি অধিকার কর্মী হিসেবে পরিচিত কবি প্রাবন্ধিক ফরহাদ মজহার সোমবার ভোরে ঢাকার শ্যামলীর রিং রোডের বাসা থেকে বেরিয়ে ‘অপহৃত’ হন বলে তার পরিবারের অভিযোগ।
ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ মোবাইল ফোন ট্র্যাক করে অনুসন্ধান শুরু করে এবং রাতে যশোরে একটি বাস থেকে ফরহাদ মজহারকে উদ্ধারের কথা জানানো হয় র্যাবের পক্ষ থেকে।
তার আগেই ফরহাদ মজহারের স্ত্রী ফরিদা আখতার আদাবর থানায় একটি লিখিত অভিযোগ করেন, যা পরে মামলা হিসেবে নথিভুক্ত করা হয় বলে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন মঙ্গলবার সাংবাদিকদের জানান।
যশোর থেকে ঢাকায় নিয়ে আসার পর ফরহাদ মজহারকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তিনি হাকিম আদালতে ১৬৪ ধারায় বিচারিক জবানবন্দি দেন এবং বিচারকের কাছ থেকে নিজের জিম্মায় বাড়ি ফেরার অনুমতি পান। রাতে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।
ফরিদা আখতারের মামলায় বলা হয়, “আমার স্বামী সাধারণত খুব ভোরে ঘুম থেকে জাগেন এবং লেখালেখি করেন। সকাল ৫টার দিকে আমার ঘুম ভাঙার পর আমি উনাকে লেখার টেবিলে না দেখতে পেয়ে চিন্তিত হয়ে পড়ি এবং সারা ঘরে খুঁজতে থাকি। ইতোমধ্যে সকাল ৫ টা ২৯ মিনিটে আমার স্বামী তার ফোন থেকে আমাকে কল দেন। তিনি ভয়ার্ত কণ্ঠে বলেন, ‘ওরা আমাকে নিয়ে যাচ্ছে, মেরে ফেলবে’। এরপর ফোনটি কেটে যায়।”
পরে পুলিশের উপস্থিতিতেই সারা দিনে ফরহাদ মজহারের ফোন থেকে আরও চার বার কল পান ফরিদা। সেসব ফোনালাপে ফরহাদ মজহার জানান, অপহরণকারীরা ৩৫ লাখ টাকা চেয়েছে; ওই টাকা পেলে তারা তাকে ছেড়ে দেবে।
গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে ফরহাদ মজহার বলেছেন, সোমবার ভোরে ওষুধ কেনার জন্য তিনি বাসা থেকে বের হলে কয়েকজন একটি মাইক্রোবাসে করে তাকে তুলে নিয়ে যায়।
তবে যশোরে তাকে বাস থেকে যেভাবে উদ্ধার করা হয়েছে, তাতে অপহরণের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি পায়নি জানিয়ে পুলিশের খুলনা রেঞ্জের উপ মহাপরিদর্শক দিদার আহম্মেদ বলেছিলেন, এটা ‘অপহরণের নাটক’ বলে মনে হয়েছে তাদের।
