২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরের সাবেক জেলা রেজিস্ট্রারের বিরুদ্ধে দুদকের মামলা

কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে গাজীপুরের সাবেক জেলা রেজিস্ট্রার হাসিনা বেগমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2017, 06:26 PM

Updated : 19 Aug 2022, 04:59 PM

মঙ্গলবার রাজধানীর রমনা থানায় দুদকের উপ-পরিচালক মির্জা জাহিদুল আলম মামলাটি করেন বলে সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আসামি দুর্নীতি দমন কমিশনে যথাসময়ে তার সম্পদ বিবরণী দাখিল করেনি। তিনি এক কোটি এক লাখ ২০ হাজার ৫৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তা দখলে রেখেছেন।”

ওইসব অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি করা হয় বলে এই দুদক কর্মকর্তা জানান।

মামলার এজাহারে বলা হয়, আসামি হাসিনা বেগম চাকরিরত থাকা অবস্থায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন বলে প্রাথমিক সত্যতা পাওয়া যায়।

গত ৬ ফেব্রুয়ারি কমিশন থেকে সম্পদ বিবরণী দাখিলের জন্য হাসিনা বেগমকে নোটিস দেওয়া হয় জানিয়ে প্রণব কুমার বলেন, নোটিশ পেয়েও তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি।

কমিশনের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, ১৯৮৯ সালে হাসিনা বেগম চাকরিতে যোগদানের দুই বছরের মধ্যে বরিশাল সদরের দুটি স্থানে জমি কেনেন। এরপর ১৯৯৪ থেকে ১৯৯৫ সালে পটুয়াখালী ও ফের বরিশাল সদরের দুই স্থানে জমি কেনেন।

এছাড়া ১৯৯৪ সালে নিজ নামে ও তার স্বামী ডা. সোহরাব হোসেনের নামে পটুয়াখালী সদরে ১৮ শতাংশ জমি কিনে সেখানে একটি তিনতলা বাড়ি নির্মাণ করেন বলে এজাহারে বলা হয়।

এতে আরও বলা হয়, ২০০৩ সালে রাজধানীর সূত্রাপুরে ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে ৫ দশমিক ৫৬ কাঠা জমি এবং ২০০৯ সালে পুরানা পল্টনের প্যারামাউন্ট হাউজিং থেকে এক হাজার ৩৫০ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনেন তিনি। তবে এসব সম্পত্তির অর্ধেক মালিক তার স্বামী।

দুদকের অনুসন্ধানে দেখা যায়, হাসিনা বেগম ১৯৮৯ সালে চাকরি নেওয়ার পর থেকে ২০১৩ সাল পর্যন্ত যে সম্পদ অর্জন করেছেন, এর মধ্যে এক কোটি ১ লাখ ২০ হাজার ৫৮ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ তার আয়ের বৈধ উৎসের সাথে অসংগতিপূর্ণ মর্মে প্রাথমিকভাবে প্রমাণিত হয়।

জেলা রেজিস্ট্রার থেকে হাসিনা বেগম নিবন্ধন পরিদপ্তর, সিলেট বিভাগের পরিদর্শকের দায়িত্ব পালন শেষে ২০১৩ সালে অবসরে যান।