সি-শেলের অগ্নিনিরাপত্তা ছিল দুর্বল: ফায়ার সার্ভিস
ঢাকার উত্তরায় তিন ভবনে অগ্নিকাণ্ডের পর যে আবাসিক হোটেল থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, সেই সি-শেল হোটেলের অগ্নিনির্বাপক ব্যবস্থা ‘দুর্বল’ ছিল জানিয়ে ফায়ার সার্ভিস বলেছে, অগ্নি নিরাপত্তা জোরদার করতে আগেও তাদের নির্দেশনা দেওয়া হয়েছিল।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই হোটেলের ভেতরের ডেকোরেশনে কাঠ ও রাবার থাকায় আগুনের মাত্রা বেড়ে যায় ও বেশি পরিমাণ ধোঁয়ার সৃষ্টি হয়।
“কিছু দিন আগে ফায়ার সার্ভিসের এক পরিদর্শনে হোটেলটির অগ্নিনির্বাপক ব্যবস্থায় দুর্বলতা পাওয়া গেলে নিরাপত্তা জোরদার করতে হোটেল মালিককে নির্দেশনা দেওয়া হয়েছিল।”
সোমবার ভোরের দিকে উত্তরার রাজলক্ষ্মী ভবনের বিপরীত দিকে রাস্তার পূর্বপাশে ৪ নম্বর সেক্টরে চারতলা সি-শেল রেস্তোরাঁর তিনতলায় প্রথম আগুন লাগে। পরে তা পাশের ছয়তলা সি-শেল আবাসিক হোটেল ও তার পাশের এ কে টাওয়ারে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট সাড়ে পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর সি-শেল আবাসিক হোটেলে তল্লাশি চালিয়ে চতুর্থ তলার একটি কক্ষ থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।
আবাসিক হোটেলটিতে আগুন কিছু সময়ের মধ্যে ওই ছড়িয়ে পড়লে হোটেলের নিরাপত্তাকর্মীরা বেরিয়ে এলেও খবর না পাওয়ায় ওই দুইজনের মৃত্যু হয় বলে অভিযোগ প্রত্যক্ষদর্শী কয়েকজনের।
সি-শেল রেস্তোরাঁর নিচতলায় প্রথমে গ্যাস লাইনে আগুন জ্বলতে দেখেন ওই সময় পাশের সড়কে দায়িত্বরত উত্তরা-পূর্ব থানার এসআই সুমন শিকদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি পাশেই ৩ নম্বর সড়কে দায়িত্বরত ছিলাম, ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে সি-শেলে আগুন লাগার খবর পেয়ে সেখানে আসি, এরপর দেখি রেস্তোরাঁর নিচতলায় গ্যাসের লাইনে দাউ দাউ করে আগুন জ্বলছে।
“নিরাপত্তাকর্মীরা চিল্লা-ফাল্লা করছিল, এ সময় নিচ থেকে হোটেলের ভেতরের লোকজনদের ডাকাডাকি করে নামানোর চেষ্টা করেছি। যাদেরকে বাইরে থেকে হোটেলে দেখা গিয়েছিল, তারা সবাই নামতে পেরেছে। তখন হোটেলের নিরাপত্তাকর্মীরা বলছিল, ভেতরে আর কেউ আটকা নেই, সবাই নেমে গেছে।”
এ সময় দুইজন কর্মচারী ছাদে উঠে আটকে গেলে তাদেরকেও ফায়ার সার্ভিস ল্যাডার দিয়ে নামিয়ে আনে জানান পুলিশ সদস্য সুমন।
আবাসিক হোটেলটি যে ভবনে রয়েছে সেই ভবনের দোতলায় আইসিবি ইসলামিক ব্যাংকের একটি শাখা রয়েছে। ব্যাংকের দুই নিরাপত্তাকর্মী রাতে সেখানে দায়িত্ব পালন করছিলেন।
তাদের একজন ব্যাংকের ভেতরে ও অপর নিরাপত্তাকর্মী আলমগীর হোসেন দোতলায় সিঁড়ির পাশে এটিএম বুথের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মসজিদ থেকে আমি ফজরের নামাজ পড়ে এসে দেখি পাশের রেস্টুরেন্টের নিচে আগুন জ্বলছে, আর ভবন থেকে লোকজন এসে নিচে চিৎকার-চেঁচামেচি করছিল। এ সময় আমাদের ব্যাংকের ভেতরের নিরাপত্তাকর্মী ফোনে আগুন লাগার কথা জানালে বেরিয়ে আসি।”
সি-শেল রেস্তোরাঁর মালিক আমানউল্লাহ আমান নামের এক ব্যবসায়ী। তিনিই পাশের ভবনের একটি অংশ ভাড়া নিয়ে আবাসিক হোটেলটি চালাচ্ছিলেন। ছয় তলা ওই ভবনের মালিক উত্তরখান থানা আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ।
ভবনটির চতুর্থ তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত ছিল সি-শেল হোটেল অ্যান্ড রেসিডেন্স। আর তৃতীয় তলায় ছিল পার্টি সেন্টার। এর নিচতলায় রয়েছে একুশে সুইটস অ্যান্ড বেকারি এবং রহিম আফরোজের একটি আউটলেট; আর আইসিবি ইসলামিক ব্যাংকের কার্যালয়। আগুনে সি-শেল হোটেল ও পার্টি সেন্টার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রেস্তোরাঁর দক্ষিণ দিকের এ কে টাওয়ারের বিভিন্ন প্রতিষ্ঠানের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ক্ষতিগ্রস্ত হয়।
ফায়ার সার্ভিস বললেও আবাসিক হোটেলের অগ্নিনির্বাপক ব্যবস্থার কোনো ‘ত্রুটি’ ছিল না বলে দাবি করেন সি-শেল গ্রুপের বিপণন ব্যবস্থাপক মো. সোহেল।
সোহেল বলেন, “অগ্নি নিরাপত্তার বিষয়ে ফায়ার সার্ভিসের কোনো নির্দেশনা বা চিঠি আমরা পাইনি।”
সোহেল বলেন, “আগুন লাগার পর সেই খবর দিতে আমাদের নিরাপত্তাকর্মীরা ভেতরের সবাইকে ডাকাডাকি করেছিল, এ সময় সবাই বেরিয়ে আসতে পারলেও দুইজন বের হতে পারেননি।”
তবে রাতে কতজন আবাসিক হোটেলটিতে অবস্থান করছিল সেই বিষয়ে খাতা না দেখে বলতে পারবেন না তিনি জানান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হোটেলের মালিক দাবি করেছিল, ভেতরে কেউ আটকা নাই। তারপরও দুইজনকে পাওয়া গেছে। হতাহত অন্য কাউকে এখন পর্যন্ত আমরা দেখিনি।”
ফায়ার সার্ভিস কর্মীরা আসার পর সি-শেল রেস্তোরাঁ এবং হোটেলের কোনো কর্মচারীকে দেখা যায়নি বলে জানান তিনি।
“কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করেনি। পুলিশের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আসে। তার আগেই তারা সবাই পালিয়ে যায়।”
আগুন লাগার ঘটনায় ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশীষ বর্ধনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান শাকিল নেওয়াজ।
আগুনে ক্ষয়-ক্ষতির বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, “আমরা সন্ধ্যায় আগুন নেভানোর কাজ সমাপ্ত ঘোষণা করেছি। তদন্ত সাপেক্ষে ক্ষয়-ক্ষতি নিরুপণ করা যাবে।”
