২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে অগাস্ট মামলা: সাফাই সাক্ষ্য আনবে ৫ হুজি সদস্য

একুশে অগাস্ট গ্রেনেড হামলার দুই মামলায় আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করে সাফাই সাক্ষ্যের পাশাপাশি লিখিত বক্তব্য দেওয়ার কথা বিচারককে জানিয়েছেন মামলার আসামি হরকাতুল জিহাদের আরও পাঁচ সদস্য।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2017, 07:51 PM

Updated : 19 Aug 2022, 04:59 PM

পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের বিশেষ এজলাসে সোমবার ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ পাঁচজনকে তাদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের বক্তব্য পড়ে শোনান।

এই পাঁচ আসামি হলেন, হরকাতুল জিহাদের সদস্য মাওলানা আবু তাহের, আবু জানদাল, রফিকুল ইসলাম সবুজ, আরিফ হাসান সুমন ও হোসেন আহম্মেদ তামিম।

সাক্ষীদের বক্তব্য পড়ে শোনানোর পর তারা দোষী না নিদোর্ষ- বিচারক জানতে চাইলে সবাই নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে সাফাই সাক্ষ্য ও লিখিত বক্তব্য দেবেন বলেও আসামিরা জানান।

এর আগে একই আদালতে ১৬ আসামি নিজেদের নির্দোষ দাবি করেন।

বিচারক বাকি আসামিদের আত্মপক্ষের সমর্থনের জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এ ট্রাইব্যুনালের সাঁটলিপিকার ওয়ালিউল ইসলাম বাদল।

সোমবার রাষ্ট্রপক্ষে এজলাসে উপস্থিত ছিলেন আইনজীবী সৈয়দ রেজাউর রহমান ও তার সহযোগীরা।

আসামিপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী টি এম আকবর, আবদুস সোবাহান তরফদার, ইদি আমিন, সাইফুর রশিদ সবুজ ও অন্যরা।

এর আগে হরকাতুল জিহাদের সদস্য মহিবুল্লাহ ওরফে অভি, মাওলানা আবু সাঈদ ওরফে ডা. জাফর, আবুল কালাম আজাদ ওরফে বুলবুল , মো. জাহাঙ্গীর আলম, শাহদাত উল্লাহ জুয়েল, মাওলানা শেখ আব্দুস সালাম, আব্দুল মাজেদ, আব্দুল মালেক, মাওলানা আব্দুর রউফ, মাওলানা আব্দুল হান্নান ওরফে সাব্বির ও মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ আত্মপক্ষ সমর্থন করেন।

আলোচিত এ মামলায় রাষ্ট্রপক্ষে ৫১১ সাক্ষীর মধ্যে ২২৫ জন সাক্ষ্য দেন।

২০০৪ সালের ২১ অগাস্ট ভয়াবহ ওই হামলায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন দলের তিন শতাধিক নেতাকর্মী।

ওই ঘটনার পরদিন মতিঝিল থানার এসআই ফারুক আহমেদ বাদী হয়ে একটি মামলা করেন।

মামলার নথি থেকে জানা যায়, মামলাটি প্রথমে তদন্ত করে থানা পুলিশ। পরে তদন্তের দায়িত্ব পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

পরে মামলাটি যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি)। ২০০৮ সালের ১১ জুন মুফতি হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন সিআইডির জ্যেষ্ঠ এএসপি ফজলুল কবির।

বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে এই মামলাটির তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ উঠে, যা পরে তদন্তে বেরিয়ে আসে।

২০০৯ সালের ৩ অগাস্ট রাষ্ট্রপক্ষ মামলাটি অধিকতর তদন্তের আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। মামলাটি তদন্তের ভার পান সিআইডির পুলিশ সুপার আব্দুল কাহ্হার আখন্দ।

তিনি ২০১১ সালের ৩ জুলাই তারেক রহমানসহ ৩০ জনের নাম যুক্ত করে মোট ৫২ জনের নামে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দেন।

তবে মামলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, জঙ্গি নেতা মুফতি হান্নান ও জেএমবির সদস্য শহিদুল আলম বিপুলের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় তাদের নাম বাদ দেয়া হয়েছে। এখন আসামির সংখ্যা ৪৯, যাদের মধ্যে তারেক রহমানসহ পলাতক রয়েছেন ১৮ জন। এছাড়া জামিনে রয়েছেন আটজন ও কারাগারে ২৩ জন।

পুরনো খবর:

একুশে অগাস্ট মামলায় আরও ৩ হুজি নেতার আত্মপক্ষ সমর্থন