একুশে অগাস্ট মামলায় আরও ৩ হুজি নেতার আত্মপক্ষ সমর্থন
একুশে অগাস্ট গ্রেনেড হামলা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) আরও তিন নেতা আত্মপক্ষ সমর্থনের শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেছেন।
ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নুরুদ্দিনের আদালতে আত্মপক্ষ সমর্থনের শুনানিতে বুধবার ঘটনায় জড়িত থাকার বিষয়ে প্রশ্নের উত্তরে নিজেদের নির্দোষ দাবি করে সাফাই সাক্ষ্য দেবেন বলে জানান তারা।
নির্দোষ দাবি করা আসামিরা হলেন, কারাগারে থাকা হুজি নেতা মাওলানা আব্দুর রউফ, মাওলানা আব্দুল হান্নান ওরফে সাব্বির ও মাওলানা শওকত ওসমান ওরফে শেখ ফরিদ।
বিচারক এ আসামিদের আত্মপক্ষ শুনানি গ্রহণের আগে প্রত্যেকের বিরুদ্ধে আসা সাক্ষ্য আলাদাভাবে পড়ে শোনান। এরপর আলাদাভাবে তাদের কাছে জানতে চান, তারা দোষী না নির্দোষ? জবাবে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।
এরপর তারা সাফাই সাক্ষ্য দেবেন কিনা প্রশ্ন করা হলে তারা নিজেরা লিখিতভাবে সাফাই সাক্ষ্য দেবেন বলে জানান।
বিচারক আগামী ধার্য তারিখে লিখিত বক্তব্য আদালতে জমা দেওয়ার কথা নির্দেশ দিয়ে ২০ জুন আত্মপক্ষ শুনানির পরবর্তী দিন ঠিক করেন।
এর আগে মামলাটিতে গত সোমবার আসামি শাহাদাত উল্লাহ জুয়েল, মঙ্গলবার মাওলানা শেখ আব্দুস সালাম, আব্দুল মাজেদ ভাট ও আব্দুল মালেক নিজেদের নির্দোষ দাবি করে আত্মপক্ষ শুনানি করেন।
গত ৩০ মে মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর আত্মপক্ষ শুনানির দিন ধার্য করা হয়। আলোচিত এ মামলায় রাষ্ট্রপক্ষে মোট ৫১১ জন সাক্ষীর মধ্যে ২২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়।
২০০৪ সালের ২১ অগাস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার এ মামলায় আসামিদের মধ্যে খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলার তিন তদন্ত কর্মকর্তা তৎকালীন বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও প্রাক্তন ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলাম জামিনে রয়েছেন।
অন্যদিকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ২৪ জন কারাগারে এবং বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে তারেক রহমানসহ ১৯ জন পলাতক।
এছাড়া যুদ্ধাপরাধে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় এ মামলা থেকে তার নাম বাদ যায়।
মামলার আরেক আসামি মুফতি হান্নানের ফাঁসি হয়েছে ২০০৪ সালে সিলেটে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলার মামলায়।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে এই মামলাটির তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ উঠে, যা পরে তদন্তে বেরিয়ে আসে।
একুশে অগাস্টের আলোচিত এ গ্রেনেড হামলায় আওয়ামী লীগের তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ জন আহত হন।
সন্ত্রাসবিরোধী ওই সমাবেশে প্রধান অতিথি শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ামাত্র গ্রেনেড হামলা ও গুলিবর্ষণ শুরু হয়। এতে অল্পের জন্য শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও গ্রেনেডের প্রচণ্ড শব্দে তার শ্রবণশক্তি নষ্ট হয়।
এ ঘটনায় পরদিন মতিঝিল থানার তৎকালীন এসআই ফারুক আহমেদ বাদী হয়ে একটি মামলা করেন। মামলাটি প্রথমে তদন্ত করে থানা পুলিশ।
পুলিশের তদন্তের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্তের দায়িত্ব পায়। পরে মামলাটি যায় সিআইডিতে। ২০০৮ সালের ১১ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির জ্যেষ্ঠ এএসপি ফজলুল কবির মুফতি হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
২০০৯ সালের ৩ অগাস্ট রাষ্ট্রপক্ষ মামলাটির অধিকতর তদন্তের আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে। মামলাটি তদন্তের ভার পান সিআইডির পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ। তিনি ২০১১ সালের ৩ জুলাই তারেক রহমানসহ ৩০ জনের নাম যুক্ত করে মোট ৫২ জনের নামে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দেন।
