২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট মামলার আসামিদের আত্মপক্ষ সমর্থন শুরু

একুশে অগাস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানি শুরু হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2017, 12:34 AM

Updated : 19 Aug 2022, 04:52 PM

সোমবার শাহাদাত উল্লাহ জুয়েলের আত্মপক্ষ সমর্থন হয়। এরমধ্য দিয়ে স্পর্শকাতর ও আলোচিত এ মামলাটির বিচার প্রক্রিয়া শেষের দিকে যাচ্ছে।

এর আগে গত ৩০ মে চূড়ান্ত তদন্ত কর্মকর্তা সিআইডির জ্যেষ্ঠ বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দের জেরা শেষের মধ্য দিয়ে একুশে অগাস্ট গ্রেনেড হামলার দুই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়।

সোমবার প্রায় দুই ঘণ্টা ধরে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আত্মপক্ষ শুনানিতে কথা বলেন জুয়েল।

ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন তার বিরুদ্ধে যে যে সাক্ষী যা যা বলেছে তার সবটুকু অংশ পড়ে শুনিয়ে জিজ্ঞাসা করেন- তিনি দোষী না নির্দোষ?

জবাবে জুয়েল নিজেকে নির্দোষ দাবি করে বিচারকের কাছে ন্যায়বিচার চান।

এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর মামলা দুটিতে (হত্যা ও বিস্ফোরক) আত্মপক্ষ সমর্থনের জন্য ১২ থেকে ১৪ জুন পর্যন্ত সময় ঠিক করেন।

আলোচিত এ মামলায় রাষ্ট্রপক্ষে মোট ৫১১ জন সাক্ষীর মধ্যে কাহার আকন্দসহ ২২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়।

২০০৪ সালের ২১ অগাস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলটির তৎকালীন মহিলা বিষয়ক সম্পাদিকা ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ জন আহত হন।

সন্ত্রাসবিরোধী ওই সমাবেশে প্রধান অতিথি শেখ হাসিনার বক্তব্য শেষ হওয়ামাত্র গ্রেনেড হামলা ও গুলিবর্ষণ শুরু হয়। এতে অল্পের জন্য শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও গ্রেনেডের প্রচণ্ড শব্দে তার শ্রবণশক্তি নষ্ট হয়।

এ ঘটনায় পরদিন মতিঝিল থানার তৎকালীন এসআই ফারুক আহমেদ বাদী হয়ে একটি মামলা করেন। মামলাটি প্রথমে তদন্ত করে থানা পুলিশ।

পুলিশের তদন্তের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্তের দায়িত্ব পায়। পরে মামলাটি যায় সিআইডিতে। ২০০৮ সালের ১১ জুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির জ্যেষ্ঠ এএসপি ফজলুল কবির মুফতি হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

২০০৯ সালের ৩ অগাস্ট রাষ্ট্রপক্ষ মামলাটির অধিকতর তদন্তের আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করে। মামলাটি তদন্তের ভার পান সিআইডির পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ। তিনি ২০১১ সালের ৩ জুলাই তারেক রহমানসহ ৩০ জনের নাম যুক্ত করে মোট ৫২ জনের নামে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি অভিযোগপত্র দেন।

মামলার আসামিদের মধ্যে যুদ্ধাপরাধে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় এ মামলা থেকে তার নাম বাদ যায়।

মামলার আরেক আসামি মুফতি হান্নানের ফাঁসি হয়েছে ২০০৪ সালে সিলেটে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলার মামলায়।

বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে এই মামলাটির তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ উঠে, যা পরে তদন্তে বেরিয়ে আসে।