বৃষ্টি অব্যাহত থাকবে
সিলেট, চট্টগ্রামসহ অনেক এলাকায় ভারি বর্ষণের আভাস রয়েছে। এসময় টানা বৃষ্টির পাশাপাশি ব্রহ্মপুত্র, সুরমা, কুশিয়ারায়ও পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে অবনতি হতে পারে বন্যা পরিস্থিতির।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রকৌশলী সরদার উদয় রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে নদ-নদীর ৯০টি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ৫৮টি পয়েন্টে পানি বাড়ছে। এর মধ্যে ৬টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে বয়ে যাচ্ছে।
তিনি জানান, ব্রহ্মপুত্র-যমুনার পানি আগামী তিন দিন এবং গঙ্গা-পদ্মা ও সুরমার পানি দুই দিন বাড়তে থাকবে। তবে কুশিয়ারায় পানি কমছে।
“ইতোমধ্যে উত্তর-পূর্বে অনেক এলাকা প্লাবিত হয়েছে। এ অবস্থা অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হবে,” বলেন এ কর্মকর্তা।
সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে আগামী ৭২ ঘণ্টায়।
পাহাড়ি এলাকায়ও ভারি বর্ষণ
আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ জানান, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
ভারি থেকে অতি ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও
ভূমিধসের শঙ্কার কথাও জানান তিনি।
রাঙামাটিতে ইতোমধ্যে পাহাড় ধস হয়েছে। পাহাড় ধসের আশঙ্কায় খাগড়াছড়িতে মাইকিং করেছে স্থানীয় প্রশাসন।
