ষোড়শ সংশোধনী: পূর্ণাঙ্গ কপি পেলে আ. লীগের প্রতিক্রিয়া
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলে আপিল বিভাগের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পর আওয়ামী লীগ এ বিষয়ে প্রতিক্রিয়া জানাবে বলেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার শহীদ মিনারে প্রয়াত সঙ্গীতজ্ঞ করুণাময় গোস্বামীর মরদেহে শ্রদ্ধা জ্ঞাপণ শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত একটি প্রশ্নের জবাবে একথা বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
কাদের বলেন, “ষোড়শ সংশোধনীর বিষয়ে রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়ার পরই আমরা প্রতিক্রিয়া জানাব।”
২০১৪ সালে ৯ সেপ্টেম্বর সংসদে সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনার পর আসাদুজ্জামান সিদ্দিকীসহ সুপ্রিম কোর্টের নয় আইনজীবী এর বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে একটি রিট আবেদন করেন।
২০১৬ সালের ৫ মে হাই কোর্টের তিন বিচারপতির বেঞ্চে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেওয়া রায়ে সংশোধনীটি অবৈধ ঘোষণার পর নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের টানা-পোড়েনের মধ্যে আপিল বিভাগের দারস্থ হয় নির্বাহী বিভাগ।
নির্বাহী ও বিচার বিভাগের টানা-পোড়েনের বিষয়টি রাজনৈতিক অঙ্গনের আলোচনায় থাকার মধ্যে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারকের আপিল বিভাগ সোমবার হাই কোর্টের রায় বহাল রাখে।
উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা বাংলাদেশের প্রথম সংবিধানে সংসদের হাতে রাখা হলেও ১৯৭৫ সালে সংবিধানের চতুর্থ সংশোধনের পর বিচারক অপসারণের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হয়।
পঁচাত্তরের পট পরিবর্তনের পর জিয়াউর রহমান সংবিধানের পঞ্চম সংশোধনী এনে বিচারক অপসারণের বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করেন।
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে ফের এই ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা ষোড়শ সংশোধনী হাই কোর্টের রায়ে বাতিল হলে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়ে পড়ার পাশাপাশি সংসদে হয়েছিল ওয়াকআউট। অন্যদিকে সংসদের বাইরে থাকা বিএনপি হাই কোর্টের রায়ের পক্ষে অবস্থান জানিয়েছিল।
আপিলেও হাই কোর্টের রায় বহাল থাকার পর এক প্রতিক্রিয়ায় একে স্বাগত জানিয়েছে বিএনপি।
উচ্চ আদালতের বিচারকদের অপসারণ করার ক্ষমতা সংসদের উপর ন্যস্ত থাকলে ‘বর্তমান সংসদের কম্পোজিশনে চরম দলীয় কর্তৃত্বের প্রতিফলন ঘটত এবং নিরপেক্ষতা ও ন্যায় বিচার ক্ষুণ্ন হত’ বলে সোমবার এক সংবাদ সম্মেলনে এসে বলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।
‘বাহাত্তরের সংবিধানে ফেরার পথ রুদ্ধ হল’
বিচারপতি অপসারণ ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী ‘অবৈধ’ ঘোষণার রায় বহাল রাখায় বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার পথ রুদ্ধ হল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
মাহবুব-উল আলম হানিফ (ফাইল ছবি)
সোমবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হানিফ বলেন, “আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় করা বাহাত্তরের সংবিধানে ফিরে যেত চায় দেশের জনগণ। আর ষোড়শ সংশোধনীর আপিলের রায় বহাল রাখায় সেই বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার পথ রুদ্ধ হল।”
হানিফ বলেন, “রাষ্ট্রপতি অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে থাকতে পারলে বিচারপতি অপসারণ কেন থাকতে পারবে না। জনগণই সকল ক্ষমতার মালিক, সেই মতে সংসদীয় গণতন্ত্র পদ্ধতিতে সংসদই সকল ক্ষমতার মালিক হিসেবে বিবেচিত।
“যেখানে মহামান্য রাষ্ট্রপতির অভিশংসন করার ক্ষমতা সংসদের হাতে, সেখানে একজন বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে থাকা অযৌক্তিক ছিলনা বলে জনগণ মনে করে।”
