বাসে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ, ট্রেন আসছে দেরিতে
ঈদের ষষ্ঠ দিনেও ঢাকায় ফিরছে মানুষ। এদিনও ঢাকামুখী বাস ও ট্রেনে ছিল যাত্রীদের ভিড় ছিল।
রোববার ঢাকামুখী কয়েকটি ট্রেন দেরি করে কমলাপুর স্টেশনে পৌঁছেছে। আর ফিরতি পথে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন অনেক বাস যাত্রী।
ট্রেনের ফিরতি যাত্রায় মানুষের চাপ কিছুটা কমলেও রোববার নির্ধারিত সময় ধরে কমলাপুরে আসেনি ট্রেনগুলো। প্রায় প্রতিটি ট্রেনই গড়ে দেড় থেকে দুই ঘণ্টা দেরিতে পৌঁছায়।
দিনের প্রথম ট্রেন ‘তূর্ণা এক্সপ্রেস’ চট্টগ্রাম থেকে ঢাকায় এসে পৌঁছে নির্ধারিত সময়ের ২০ মিনিট পর, ভোর পাঁচটা ৪০ মিনিটে।
এরপর রাজশাহী থেকে আসা ‘ধুমকেতু এক্সপ্রেস’ ভোর চারটা ৫৫ মিনিটে প্ল্যাটফর্মে থাকার কথা থাকলেও সেটি পৌঁছে সকাল সাতটা ১০ মিনিটে।
দেরির কারণ হিসেবে কমলাপুর রেলস্টেশনের সহকারি স্টেশন ম্যানেজার নৃপেন্দ্র সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল (শনিবার) ‘সিল্ক সিটি’ ঢাকায় দেরিতে পৌঁছে, ফলে ছেড়েও যায় দেরিতে। রাজশাহীতে সিল্ক সিটি পৌঁছলে ‘ধুমকেতু এক্সপ্রেস’ ছেড়ে আসে। গতকালের দেরির কারণেই আসলে আজ দেরিটা হয়েছে।”
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরার পালা। বুধবার কমলাপুর রেল স্টেশনের চিত্র।
এই ট্রেনের যাত্রী তিতাস গ্যাসের ঠিকাদার জুয়েল আনন্দ জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে প্রায় দেড় ঘণ্টা থেমে ছিল ট্রেন।
“এখানে রেল ক্রসিংয়ে সবসময় দেরি হয়। আর ঈদের সময় তো সবকিছুই মাত্রাতিরিক্ত।”
এ বিষয়ে প্ল্যাটফর্ম স্টেশন মাস্টার এসএম হাজার সুজন জানান, বঙ্গবন্ধু সেতুতে ট্রেনের লাইন একটি থাকায় একই সময়ে দুটি ট্রেন এলে একটি থামিয়ে রেখে আরেকটিকে যেতে দেওয়া হয়। এজন্যই মূলত দেরি হয়।
‘কালনী এক্সপ্রেস’ সিলেট থকে এসে পৌঁছে দুপুর দুইটা ৩৫ মিনিটে; যেটির আসার কথা ছিল দুপুর একটা ৫৫ মিনিটে।
এই ট্রেনের আসা যাত্রী কাপড় ব্যবসায়ী কামাল ভূঁইয়া বলেন, “ট্রেন যখন বিভিন্ন স্টেশনে থামায়, তখন আর স্টার্ট নিতে চায় না। নির্দিষ্ট কোনো কারণও আমরা যাত্রীরা জানি না। আর ট্রেনের ছাদে ওঠা মানুষদের জন্যও দেরি হয় অনেক সময়।”
এছাড়া মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ‘হাওর এক্সপ্রেস’র দুপুর দুইটা ১৫ মিনিটে পৌঁছানোর কথা থাকলেও এটি পৌঁছে দুপুর ৩টা ৪০ মিনিটে। কমিউটার ট্রেন ‘তিতাস’ ব্রাহ্মণবাড়িয়া থেকে তিনটা ১৫ মিনিটের জায়গায় এসে পৌঁছে বিকাল চারটা ১৫ মিনিটে।
সহকারী স্টেশন মাস্টার নৃপেন্দ্র সাহা বলেন, তিন তারিখ পর্যন্ত বিশেষ ট্রেনগুলো চলবে ঈদ উপলক্ষে। এরপর থেকে যাত্রী কমে গেলে সময়সূচি ঠিক হয়ে যাবে।
বাসে অতিরিক্ত ভাড়া
কুষ্টিয়ার দর্শনা থেকে রয়েল পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রী বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ছাত্র রাফিউল হাসান।
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরার পালা। বুধবার কমলাপুর রেল স্টেশনের চিত্র।
জাকের পরিবহনের বাসে ফরিদপুর থেকে আসা ফারহান জানালেন, ১৫০ টাকা করে বেশি নেওয়া হচ্ছে।
“এই গাড়িতে অন্য সময় ভাড়া নেয় ২০০ টাকা। কিন্তু আজ সাড়ে তিনশ টাকা রেখেছে।”
একই অভিযোগ করলেন রাজবাড়ির পাংশা থেকে আসা সাজিদুর রহমান তাসকিন। ঈদ শেষে দুই বোনকে নিয়ে ঢাকায় ফিরেছেন তিনি।
তিনি বলেন, “রাজবাড়ির পাংশা থেকে ঢাকার ভাড়া অন্য সময় ৩০০ থেকে ৩৫০ টাকা। এখন আসলাম ৬০০ টাকায়। এরা ঈদের সময় রীতিমতো ডাকাতি করে।”
সন্তানের স্কুল শুরু হয়ে যাওয়ায় ঢাকায় ফিরতেই হবে, এজন্য বাড়তি ভাড়া মেনেই ঝিনাইদ থেকে ফিরেছেন সানজিদা রহমান।
তাকেও আগের চেয়ে আড়াইশ টাকা বেশি ভাড়া দিতে হয়েছে বলে জানান।
“ঝিনাইদহের ভাড়া ৪০০ টাকা। কিন্তু আজকে সাড়ে ছয়শ টাকা রাখল। বাচ্চার স্কুল শুরু হয়ে গেছে। না এসে তো উপায় নেই।”
বেশি ভাড়ায় ঢাকায় ফিরে অটোরিকশায়ও বেশি অতিরিক্ত অর্থ খরচ করে বাসায় ফিরতে হয়েছে অনেককে।
দেখা গেছে, গাবতলী থেকে বিভিন্ন গন্তব্যে যেতে অতিরিক্ত ভাড়া দাবি করছেন অটোরিকশা চালকরা। নগর পরিবহনের কয়েকটি রুটের বাসেও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।
গাবতলী থেকে মিরপুরে ১২ নম্বর যেতে চাইলে অটোরিকশা চালক ২৫০ টাকা চাইলেন সরকারি চাকুরে আমির হোসেন কাছে।
আমির হোসেন বলেন, “এই দূরত্বে ভাড়া হতে পারে সর্বোচ্চ ১২০ টাকা। কিন্তু ২৫০ টাকা চাচ্ছে।”
অতিরিক্ত ভাড়া চাওয়ার কারণ জানতে চাইলে অটোরিকশা চালক মোজাম্মেল বলেন, সবাই নিচ্ছে।
“একটা ভাড়া মাইরা সারাদিন স্ট্যান্ডে আইসা বইসা থাকতে অয়। বাসস্ট্যান্ড ছাড়া ভাড়া পাওয়া যায় না। হেরলাইগা সবাই ভাড়া কিছুটা বেশি রাহে।”
গাবতলী-সায়েদাবাদ রুটের বাসে উঠলেই ৫০ টাকা ভাড়া চাওয়া হচ্ছে। একজন যাত্রী ফার্মগেট যেতে চাইলে তার কাছেও ৫০ টাকা ভাড়া দাবি করেন হেলপার।
কারণ জানতে চাইলে হেলপার বলেন, “এই বাসে টেকনিক্যাল মোড় পার হইলেই ৫০ টাকা দেওয়া লাগব।”
এ ব্যাপারে গাবতলীতে দায়িত্বপালনরত ট্রাফিক পুলিশের সার্জেন্ট সোহরাব হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, কোনো বাসের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জানালে তারা ব্যবস্থা নিতে পারেন।
“এগুলো লোকাল বাস। লোকাল যাত্রী তুলতে তারা বাধ্য। কোন বাস অতিরিক্ত ভাড়া আদায় করছে তা নির্দিষ্ট করে বললে আমরা ব্যবস্থা নিতে পারি। আমরা তাদের জিজ্ঞেস করলে তারা স্বীকার করে না। সেজন্য ব্যবস্থাও নেওয়া যায় না।”
