২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযোদ্ধা শহীদুল মামা আর নেই

একাত্তরের গেরিলা কমান্ডার মুক্তিযোদ্ধা সৈয়দ শহীদুল হক মারা গেছেন, যিনি ‘মামা’ নামেই পরিচিত ছিলেন

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2017, 05:40 PM

Updated : 11 Apr 2022, 11:51 PM

শুক্রবার রাতে কাতারের রাজধানী দোহার একটি হাসপাতালে শহীদুল হকের মৃত্যু হয় বলে জানিয়েছেন তার শ্যালিকা সৈয়দা শরিফুন্নেসা।

সাতষট্টি বছর বয়সী শহীদুল হক সুইডেন থাকতেন। দুই মাস আগে সেখানে যাওয়ার পথে কাতারে অসুস্থ হয়ে পড়লে তাকে দোহার হাসপাতালটিতে ভর্তি করা হয়েছিল। তারপর থেকে লাইফসাপোর্টে ছিলেন তিনি।

শরিফুন্নেসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ থেকে সুইডেনে যাওয়ার পথে ভাই (শহীদুল হক) প্লেনে অসুস্থ হয়ে পড়েন। দোহাতে একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। গত রাতে তিনি চলে যান।”

কাতার থেকে সুইডেনে তার লাশ নেওয়ার ব্যবস্থা হচ্ছে জানিয়ে শরিফুন্নেসা আরও বলেন, “সুইডেনেই তার দাফন হবে।”

মুক্তিযোদ্ধা শহীদুল দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন; তার কিডনিতেও সমস্যা ছিল।  

একাত্তরের যুদ্ধাপরাধের বিচার শুরুর পর প্রবাস থেকে ফিরেছিলেন তিনি; জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যও দিয়েছিলেন।

কাদের মোল্লার মৃত্যুদণ্ড না হওয়ার পর যে গণজাগরণ আন্দোলন গড়ে উঠেছিল, তাতে সক্রিয় থেকে তরুণ প্রজন্মকে উজ্জীবিত করেছিলেন তিনি।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সররকার মামার ভাগ্নে মামুন হাসানের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাতারের দোহায় ‘আর ওয়াকার’ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই মুক্তিযোদ্ধা।

গণজাগরণ মঞ্চ এই মুক্তিযোদ্ধার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। শোক জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তারাও।

ঢাকার মিরপুর-মোহাম্মদপুর এলাকায় বিহারিদের বিরুদ্ধে লড়াই চালানো শহীদুল হক মামা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অন্যতম প্রতিষ্ঠাতা। পঁচাত্তরের পর আশির দশকে পরিবার নিয়ে পাড়ি জমান সুইডেনে।

প্রধানমন্ত্রীর শোক

মুক্তিযোদ্ধা শহীদুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে গেরিলা বাহিনীর কমান্ডার এ বীর মুক্তিযোদ্ধার অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

যুদ্ধাপরাধীদের বিচারে জনমত গঠনে শহীদুল হকের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও স্মরণ করেন শেখ হাসিনা।

তিনি প্রয়াতের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।