শেষ দিনের ভিড় ট্রেনে
দিনাজপুরের একতা এক্সপ্রেস কমলাপুর থেকে ছাড়ার কথা সকাল ১০টায়। সকাল ৯টায় ট্রেনটি যখন কমলাপুর স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে ঢুকল, ততক্ষণে সেখানে হাজারো যাত্রীর ভিড় জমে গেছে।
ট্রেন থামার সঙ্গে সঙ্গে হুমড়ি খেয়ে পড়লেন যাত্রীরা। ট্রেন থেকে যারা নামবেন, তারা পড়লেন বিপাকে।
ঈদযাত্রার শেষ দিন রোববার সকালে কমলাপুর ছেড়ে যাওয়া অধিকাংশ ট্রেনে ছিল এরকমই ভিড়। বগি, ছাদ- সবখানে যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে ট্রেনগুলো।
বনশ্রী এলাকার ব্যবসায়ী মোহাম্মদ হোসেন জানান, ভিড় এড়াতে স্ত্রী-সন্তানকে আগেই বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন। রোববার একতা এক্সপ্রেস ধরে তিনিও রওনা হয়েছেন দিনাজপুরে।
ট্রেন ছাড়ার আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি তো ঠেলেঠুলে উঠে পড়তে পারি। কিন্তু বাচ্চাকাচ্চা নিয়ে ট্রেনে ওঠা খুবই ঝক্কির। এ কারণে ওদের আগেই পাঠিয়ে দিয়েছি।”
ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ঝুঁকি জেনেও অনেকে চড়েছেন ছাদে। নারী ও শিশুরাও রয়েছেন ছাদের যাত্রীদের ভেতরে। রেলকর্মীরা ছাদে না ওঠার অনুরোধ জানালেও তাতে কান দিচ্ছে না কেউ।
“সবাই জানে, যাওয়ার পথে অনেক কষ্ট হবে। কিন্তু এই কষ্ট পেতে সবাই ভালোবাসে। ঈদের আনন্দটাই এমন।”
রোববার চাঁদ দেখা গেলে সোমবার ঈদ উদযাপন করবেন বাংলাদেশের মুসলমানরা। বাংলাদেশ রেলওয়ের আগাম টিকেটের যাত্রীদের যাত্রাও শেষ হচ্ছে রোববার।
আগের দিনের মত রোববার সকালেও কয়েকটি ট্রেন দেরি করে ছেড়েছে। খুলনার সুন্দরবন এক্সপ্রেস এক ঘণ্টা ১০ মিনিট, নীলসাগর ১৫ মিনিট, মহুয়া এক্সপ্রেস ১৫ মিনিট, দেওয়ানগঞ্জ এক্সপ্রেস ১৫ মিনিট দেরি করে কমলাপুর ছেড়ে গেছে।
গত কয়েক দিনের মত রংপুর এক্সপ্রেসও এদিন দেরিতে স্টেশন ছাড়ে। সকাল ৯টায় ট্রেনটি কমলাপুর ছাড়ার কথা থাকলেও বেলা সাড়ে ৩টায় ট্রেনটি কমলাপুর স্টেশন ছাড়ে। রংপুরের এই ট্রেন শনিবারও সাড়ে ৬ ঘণ্টা দেরিতে ছেড়েছিল।
সরকারি চাকরিজীবী আমজাদ মোর্শেদ জুয়েল যাবেন গাইবান্ধায়। ট্রেন দেরি করায় ভোগান্তির পাশাপাশি সময়মতো বাড়ি পৌঁছুতে পারবেন কি না তা নিয়ে চিন্তিত তিনি।
মোর্শেদ বলেন, “সেই সকাল ৯টায় স্টেশনে এসেছি। বসে থাকতে থাকতে শরীর ব্যাথা হয়ে গেছে। এখন ট্রেন আসলেও পড়েছি নতুন চিন্তায়। ট্রেন গাইবান্ধা যেতে যেতে বাজবে রাত ১টা। ট্রেন থেকে নেমে বাড়ি যেতে আরও ২০ কিলোমিটার। এত রাতে কিভাবে পৌঁছাব তা নিয়ে চিন্তায় আছি।”
বিভিন্ন স্টপেজে দাঁড়াতে হওয়ায় রংপুর এক্সপ্রেসে এ দেরি বলছেন কমলাপুরের স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী।
তিনি বলেন, “আজকে সবগুলো ট্রেন মোটামুটি ঠিক সময়ে ছেড়ে গেছে। ১০ মিনিট এদিক সেদিক হয়েছে। রংপুর এক্সপ্রেস গত পরশুদিন থেকে লেট। বিভিন্ন স্টপেজে দাঁড়াতে হয়, এছাড়া যাত্রীদের ওঠানামা করতেও সময় বেশি লাগছে। এজন্য ট্রেনটি আর কাভার করতে পারে নাই।”
সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১৫টি ট্রেন কমলাপুর স্টেশন ছেড়ে গেছে জানিয়ে সকালে সীতাংশু চক্রবর্তী জানিয়েছিলেন, রোববার সারাদিনে মোট ৬০টি ট্রেন যাত্রীদের বিভিন্ন গন্তব্যে পৌঁছে দেবে।
ছাদে যাত্রী ওঠানো ঠেকাতে অসহায়ত্ব প্রকাশ করেন স্টেশন ম্যানেজার।
রোববার সকালেও স্টেশনের টিকেট কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে। যারা আগে টিকেট কিনতে পারেননি এমন যাত্রীরা দাঁড়িয়ে যাওয়ার টিকেট কিনেছেন কাউন্টার থেকে।
রংপুর এক্সপ্রেসে বোনারপাড়ার টিকেট কিনে শাহ আলম নামের এক দোকানকর্মী জানালেন, আগে সময় না পাওয়ায় তার টিকেট কেনা হয়নি।
“দোকানে ব্যস্ত আছিলাম বইলা আগে আসার পারি নাই। আইজ আলাম। সিটিং টিকেট তো পাওয়া যাবি না। দাঁড়ায় যামু। আর টিকেট না কিনলে তো গেইট পার হবার দেয় না।”
অনেক নারী যাত্রীকেও দেখা গেল দাঁড়িয়ে যাওয়ার টিকেট কিনতে। শিরিন আখতার নামের একজন জানালেন, কষ্ট হলেও দাঁড়িয়েই যাবেন।
“আগে টিকেট কাটতে পারি নাই। আজকে দাঁড়িয়েই যেতে হবে। অনেক কষ্ট হবে জানি, কিন্তু কিছু করার নাই। বাড়ি যেতেই হবে।”
এদিকে সকালে কমলাপুর ছেড়ে যাওয়া ট্রেনগুলোয় উপচেপড়া ভিড় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমতে থাকে। বিশেষ করে পুর্বাঞ্চলের ট্রেনগুলোয় ভিড় ছিল স্বাভাবিক সময়ের মতো।
সকালে কয়েকটি ট্রেন দেরিতে ছেড়ে গেলেও পরের ট্রেনগুলো মোটামুটি ঠিক সময়েই ছেড়েছে।
