বাসেত মজুমদারকে নিয়ে আইনজীবীদের প্রতিবাদ সমাবেশ
বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদারের নিয়ে ‘অপপ্রচার’ হচ্ছে দাবি করে তার প্রতিবাদে সমাবেশ হয়েছে, যাতে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের আইনজীবীরা অংশ নেন।
‘সাধারণ আইনজীবীবৃন্দ’ ব্যানারে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বুধবার সন্ধ্যায় এই প্রতিবাদ সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বাসেত মজুমদারকে নিয়ে গণমাধ্যমে মিথ্যাচারের অভিযোগ করলেও আদালতে যে ঘটনা নিয়ে সংবাদ প্রতিবেদন প্রকাশ হয়েছে, তা অস্বীকার করতে পারেননি।
ঘটনার ব্যাখ্যায় তারা বলেছেন, সেদিন প্রবীণ এই আইনজীবীর আদালতের বক্তব্য শুনতে সমস্যা হয়েছিল।
গত ৬ জুন হাই কোর্টে বাসেত মজুমদারের কথায় বিভ্রান্ত হয়ে একটি হত্যাচেষ্টার মামলার আসামিকে পুলিশের ছেড়ে দেওয়া নিয়ে ঘটনার সূত্রপাত।
ঘটনাটি জেনে সেদিন বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বশির উল্লাহর বেঞ্চ ডেকে নিয়ে বাসেত মজুমদারকে ভর্ৎসনা করেছিলেন। পরে ওই আসামিকে ফের আনিয়ে পুলিশে দেওয়ার পর এজলাশ ছাড়তে পেরেছিলেন তিনি।
ওই ঘটনাটি নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ অন্যান্য সংবাদ মাধ্যমেও খবর প্রকাশ হয়েছিল, যাকে ‘অপপ্রচার’ হিসেবে দেখছে আওয়ামী লীগ সমর্থক এই আইনজীবী নেতার সমর্থকরা।
আইন পেশায় অর্ধশতক পেরিয়ে আসা বাসেত মজুমদার প্রতিবাদ সমাবেশে বলেন, “অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে, অত্যন্ত মর্মাহতভাবে দুই-চাইর-পাঁচটা কথা আপনাদের কাছে বলব।
“আমার জীবনের শেষ প্রান্তে এসে হঠাৎ কিছু ঘটনা ঘটে গেল। সেই ঘটনার প্রেক্ষাপটে আজ আপনাদের প্রতিবাদ।”
বক্তব্যের এক পর্যায়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত প্রতিবেদনের শিরোনামসহ কিছু অংশ পড়ে শোনান।
তিনি বলেন, “আমি আর বেশি কিছু বলব না। এখানে আরও অনেক কিছু লিখেছে। আমি উপদেষ্টামণ্ডলীর সদস্য, আমার একটা ছবি (প্রিন্ট কপি দেখিয়ে)সহ দিয়েছে। কত মিথ্যা কথা এখানে (প্রিন্ট কপি দেখিয়ে) প্রকাশ করা হয়েছে। আরও দুয়েকটা পত্রিকাতেও বেরিয়েছে। একটা হইল ডেইলি স্টার…. যুগান্তর, সমকাল।
“আমাকে কয়েকটা পত্রিকা জিজ্ঞাসা করেছে, আমি সত্যি বলতে তাদের নিউজ আমি থামাই নাই।”
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি বাসেত মজুমদার ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদেরও সদস্য, যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে উল্লেখ ছিল।
সংবাদ প্রকাশের আগে তার সঙ্গে সংবাদ মাধ্যমগুলোর তার সঙ্গে যোগাযোগ না করার কথা বলেন বাসেত মজুমদার।
একই কথা বলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সমিতির সাবেক সম্পাদক শ ম রেজাউল করিমও বলেন।
প্রকাশ্য এজলাসে ওই ঘটনার পর প্রতিবেদন প্রকাশের আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে বাসেত মজুমদারের মোবাইল ফোনে কল করা হলেও তার সাড়া পাওয়া যায়নি। ওই আদালতে দায়িত্বরত ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবিরের সঙ্গে কথা বলা হয়েছিল, তার ভাষ্যেই ঘটনার বর্ণনা দেওয়া হয়েছিল। দুদিন পর বাসেত মজুমদার মজুমদার সংবাদ সম্মেলন করলে তার বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত হয়।
গত ৮ জুন সংবাদ সম্মেলনে আবদুল বাসেত মজুমদার
নিজের দীর্ঘ কর্মজীবনের কথা তুলে ধরে বাসেত মজুমদার প্রতিবাদ সমাবেশে বলেন, “আপনারা জানেন আমার জুনিয়রদের কিভাবে আমি সহায়তা করি। হাজারও মক্কেল, হাজারও আইনজীবীকে আমি সহায়তা করি।
“সেদিন আমি শুধু একটা অনুরোধ করেছি। আমি আদালতের কথা ভালোভাবে শুনতে পারি নাই। সেদিন বারের সভাপতি-সম্পাদকও সেখানে ছিলেন। তারাও বলেছেন, ‘হইতে পারে বার্ধক্যের অবস্থাতে ভালোভাবে শুনতে পারেননি, এর মধ্যে মক্কেল চলে এসেছে, ক্ষমা করে দেন’।
“তারপর জজ সাহেবরা কিছু করে নাই। এই ঘটনার পরে তো নিউজ বাইর হইল।”
“আপনারা সাংবাদিকতা যারা করেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। দেশের স্বার্থে, গণতন্ত্রের বিকাশের স্বার্থে, আইনের শাসনের জন্য আপনাদের প্রয়োজন আছে, যদি এই ধরনের খবর পরিবেশন করেন তাহলে..” সাংবাদিকদের উদ্দেশে বলেন জ্যেষ্ঠ এই আইনজীবী।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি নেতা জয়নুল আবেদীন বলেন, “আসলে সভাটি সংবাদপত্রের বিরুদ্ধে নয়। তবে বিকৃত যে রিপোর্ট করা হয়েছে সে সম্পর্কে মানুষের ও আইনজীবীদের জানার অধিকার আছে। শুধু বলতে চাই, বাসেত মজুমদার সম্পর্কে যে রিপোর্ট বেরিয়েছে, এই রিপোর্ট একেবারেই অসত্য।
“প্রতিবেদনে এসেছে বাসেত মজুমদারকে এজলাসে আটক থাকতে হয়েছিল। কই আমি তো গেলাম। আমি গিয়ে দেখলাম বাসেত মজুমদারকে তো কেউ আটক করে নাই। কোর্ট কিন্তু বলেনি বাসেত মজুমদার গ্রেপ্তার। কিন্ত রিপোর্টে এই জ্যেষ্ঠ আইনজীবী সম্পর্কে যেভাবে এসেছে, তা সব আইনজীবীদের জন্য বিব্রতকর।”
বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বাসেত মজুমদারের মতো ব্যক্তিদের নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের সতর্ক থাকার পরামর্শ দেন জয়নুল আবেদীন।
আদালতের ঘটনার বর্ণনা দিয়ে সমিতির সম্পাদক ও বিএনপি নেতা মাহবুব উদ্দিন খোকন বলেন, “আমি আদালতে বলেছিলাম, তিনি (বাসেত মজুমদার) হয়ত আদেশটি শোনেননি।”
“সমাজ বিনির্মাণে আপনারা আমাদের সঙ্গে আছেন। অনুরোধ এ ধরণের নিউজ করবেন না,” সাংবাদিকদের উদ্দেশে বলেন তিনি।
শ ম রেজাউল করিম বলেন, “তিনি কোর্টের কোনো আদেশ লঙ্ঘন করে কোনো অসততার পরিচয় দেননি। তার ভূমিকা অসৎ উদ্দেশ্যে বা আইন পরিপন্থি বা আদালতের আদেশ লঙ্ঘন করার মতো ছিল না। যে সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কয়েকটি মিডিয়ায় এসেছে, তা তার ভাবমূর্তি নষ্ট করেছে।”
সমাবেশে সমিতির সাবেক সম্পাদক বশির আহমেদ, ঢাকা মহানগরের পিপি আব্দুল্লাহ আবু, ঢাকা বারের সাবেক সভাপতি আবু সাঈদ সাগরসহ আরও অনেকে বক্তব্য দেন।
সমাবেশের সভাপতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, “বাসেত মজুমদার কেবল বার কাউন্সিলের সহ সভাপতিই নন, তিনি বারের সভাপতিও ছিলেন। তিনি গরিবের আইনজীবী, সব কিছু মিলিয়ে তিনি একটি প্রতিষ্ঠান।
“আমরা পেশাজীবী, সাংবাদিকরাও পেশাজীবী। সেদিন গণভবনে একসাথে ইফতার করেছি। আমাদের মধ্যে একটা ঐক্যের-আন্তরিক সম্পর্ক থাকতে হবে। সেখানে এমন কিছু করা উচিৎ নয়, লেখা উচিৎ নয়, যা একে অপরকে অসম্মান করে। আসুন সৌহার্দ্য-সম্প্রীতি-ভালবাসার মধ্যে আমরা থাকি।”
