২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুনতে ‘অসুবিধা হয়েছিল’ বাসেত মজুমদারের

আদালতের আদেশ নিয়ে ভুল বুঝিয়ে পুলিশের হাত থেকে আসামি ছাড়িয়ে নেওয়ার ব্যাখ্যায় বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার বলেছেন, সেদিন তার শুনতে ‘অসুবিধা হয়েছিল’।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2017, 05:45 PM

Updated : 11 Apr 2022, 11:44 PM

দুদিন আগের ওই ঘটনা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসে এই ব্যাখ্যা দেন জ্যেষ্ঠ এই আইনজীবী।

ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদেরও সদস্য বাসেত মজুমদার ‘বিকৃত সংবাদ’ প্রকাশের অভিযোগ করলেও কী বিকৃতি করা হয়েছে, তা স্পষ্ট করতে পারেননি; আবার ঘটনার সত্যতাও স্বীকার করে নেন তিনি।

লিখিত বক্তব্যে সুনির্দিষ্ট কোনো সংবাদ মাধ্যমের নাম উল্লেখ করা না হলেও সংবাদ সম্মেলনে বক্তব্যে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দৈনিক সমকাল ও দৈনিক যুগান্তরের নাম উল্লেখ করেন বাসেত মজুমদার।

সেদিনের ঘটনার ব্যাখ্যায় তিনি বলেছেন, “উল্লেখ্য যে, কিছুদিন হইতে আমি অনুভব করিতেছি যে, আমার কথা শুনিতে একটু অসুবিধা হচ্ছে। তাই কোর্ট হইতে বাহির হওয়ার সময় পুলিশের জিজ্ঞাসায় আমি বলিয়াছি, মনে হয় কোর্ট বিষয়টি ক্ষমা করে দিয়েছেন।”

গত মঙ্গলবার হাই কোর্টে বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বশির উল্লাহর বেঞ্চে ঘটে ওই ঘটনা। ওই আদালতে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যাচেষ্টার মামলার আসামি আব্দুল কুদ্দুস আগাম জামিন চাইতে গেলে না নাকচ করে তাকে কারাগারে পাঠাতে বলে আদালত।

এজলাসের বাইরে আদালত পুলিশ কুদ্দুসকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু করলেও বাসেত মজুমদারের কথায় তারা আসামিকে ছেড়ে দেয়।

বিষয়টি শুনে আদালত বাসেত মজুমদারকে ডেকে এনে ভর্ৎসনা করে। ওই আসামিকে পুনরায় হাজির করার পর ছাড়া পান জ্যেষ্ঠ এই আইনজীবী।

সুপ্রিম কোর্টে ‘ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাসেত মজুমদার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইউসুফ হোসেন হুমায়নসহ আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের নিয়ে আসেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, “আমার দীর্ঘ ৫০ বছরের ওকালতি জীবনে এই রকম ঘটনা আমাকে আগে কখনও সম্মুখীন হতে হয় নাই। গত ৬ জুন এনেক্স কোর্ট ৭ এ আগাম জামিনের আবেদনের প্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে, তা বিভিন্ন পত্রিকায় বিকৃতভাবে প্রকাশ করায় আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”

ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে বাসেত মজুমদার বলেন, “জুনিয়র আইনজীবী রেজাউল করিম আমাকে একটি আগাম জামিন শুনানির জন্য অত্যন্ত পীড়াপীড়ি করে, শেষ পর্যন্ত তার অনুরোধে এই মামলাটি শুনানি করি। আসামির বিরুদ্ধে ৩২৬/৩০৭ ধারাসহ অন্যান্য ধারায় অপরাধ ছিল।

“বিজ্ঞ বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী এবং বিচারপতি এ এন এম বশির উল্লাহ শুনানিকালে বলেন, অপরাধ অত্যন্ত গুরুতর, তাকে আগাম জামিন দেব না, তাকে জেলে পাঠিয়ে দিব এবং পুলিশকে বললেন ব্যবস্থা করার জন্য।

“আমি মক্কেলের পক্ষে বিনয়ের সাথে আবেদন করলাম যে, দয়া করে এই রোজার মাসে তাকে ক্ষমা করে দেন। এ সময় কোর্টের সাথে কিছু কথাবার্তা হয়। এক পর্যায়ে কোর্টের কথাবার্তায় আমার নিকট প্রতীয়মান হইল যে, কোর্ট বোধহয় তাকে ক্ষমা করেছেন।”

এরপর আদালত থেকে বের হওয়ার সময় পুলিশকে ওই কথা বলে অন্য আদালতে চলে গিয়েছিলেন বলে জানান বাসেত মজুমদার।

“পরবর্তীতে আমাকে সংবাদ দিল কোর্টে আসার জন্য, সেমতে কোর্টে আসিলে বিচারক আমাকে বলেন, ‘আমি তো ওকে ছাড়ি নাই। আপনি তাকে ছাড়তে বললেন কেন?’ আমি বললাম, বোধহয় আমার হয়ত শুনিতে অসুবিধা হয়েছে।

“এ পর্যায়ে বিচারক আমাকে আদেশ দিলেন জুনিয়রকে নিয়ে আসার জন্য। পরবর্তীতে জুনিয়রকে খবর দিয়ে নিয়ে আসলাম এবং বিচারক তাহাকে আদেশ দিল মক্কেলকে নিয়ে আসার জন্য এবং জুনিয়র কিছুক্ষণ পরে মক্কেলকে নিয়া আসলেন এবং মাননীয় আদালত আসামিকে জেলখানায় পাঠিয়ে দিলেন।”

এই ঘটনার প্রকাশের ক্ষেত্রে কোথায় বিকৃত করা হয়েছে তা স্পষ্ট না করেই তিনি বলেন, “বিকৃতভাবে পত্র-পত্রিকায় উপস্থাপন করার জন্য আমি অত্যন্ত মর্মাহত হয়েছি।”

সংবাদ মাধ্যমকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বানও জানান প্রবীণ এই আইনজীবী।

পুরনো খবর:

এ কী করলেন বাসেত মজুমদার!