দেশের ভাবমূর্তি যেন ক্ষুণ্ন না হয়: লন্ডনে প্রধানমন্ত্রী
দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কিছু না করতে যুক্তরাজ্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা বুধবার লন্ডনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “এক সময় বাংলাদেশ ভিক্ষুকের দেশ, প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য খারাপ নামে পরিচিত ছিল। আমরা এসব পরিস্থিতি মোকাবেলা করে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছি। কাজেই আপনারা এমন কিছু করবেন না, যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।”
শেখ হাসিনা বলেন, “আমাদের উন্নয়ন অনেক বিদেশি নেতৃবৃন্দের কাছে যাদুর মতো। কিন্তু এটা আমাদের জন্য যাদু নয়, দেশের জনগণের সেবার আন্তরিকতা।”
সরকারি সফরে সুইডেন যাওয়ার পথে লন্ডনে ২৪ ঘণ্টার যাত্রাবিরতিতে আছেন প্রধানমন্ত্রী।
ছবি : পিআইডি
সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, “২০০৬ সালে দারিদ্র্যের হার ছিল ৫০ শতাংশ। এখন তা কমে ২২ শতাংশে দাঁড়িয়েছে। গতবছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ২ শতাংশ।
“এটা ছিল বাংলাদেশের জন্য অসাধারণ সাফল্য।”
বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
ছবি : পিআইডি
যুক্তরাজ্যে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দল সেমিফাইনালে উন্নীত হওয়ায় দলের সব সদস্যকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত তিন কন্যা জয়ী হওয়ায় প্রবাসীদের ধন্যবাদ জানান শেখ হাসিনা।
এর আগে নবনির্বাচিত লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক ও রুশনারা আলী প্রধানমন্ত্রীর সঙ্গে তার হোটেল কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
