লন্ডনের ভবনে অগ্নিকাণ্ডে শেখ হাসিনার দুঃখপ্রকাশ
লন্ডনে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্থানীয় সময় বুধবার রাত ১২টা ৫৪ মিনিটে ল্যাঙ্কাস্টার ওয়েস্ট ইস্টেটের লাটিমার রোডের গ্রেনফেল টাওয়ারে আগুন লাগে। এ ঘটনায় কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ভবনটিতে আরো অনেক মানুষ আটকা পড়েছেন। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে পুলিশ।
সুইডেনের পথে বর্তমানে লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃটিশ প্রধানমন্ত্রী টেরিজা মের কাছে পাঠানো এক বার্তায় ভয়াবহ আগুনের ঘটনায় শোক প্রকাশ করেছেন।
শেখ হাসিনা তার শোকবার্তায় বলেছেন, “আমি গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ আগুনের ঘটনায় গভীরভাবে দুঃখিত।”
দমকল কর্মীদের আপ্রাণ প্রচেষ্টায় এ দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস পাবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
এই সংকটকালে বৃটিশ প্রধানমন্ত্রী ও তার সরকারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শেখ হাসিনা বলেছেন, “আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে সমভাবে ব্যথিত।”
