দুদকের সততা স্টোর পরিদর্শনে ভুটান দুর্নীতি দমন প্রতিনিধিদল
চেয়ারপারসন কিনলে ইয়াংজুর নেতৃত্বে ভুটানের দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধিদল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের জিআর ইনস্টিটিউট অ্যান্ড হাই স্কুলে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের ‘সততা স্টোর’ পরিদর্শন করেছে।
মঙ্গলবার সততা স্টোর পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সততা সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় কিনলে ইয়াংজু বলেন, “ভুটানের দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে উত্তম চর্চার বিকাশ এবং সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা করে উভয় সংস্থাই উপকৃত হবে।”
বিদ্যালয়ে ‘সততা স্টোর’ স্থাপন তরুণদের আচরণগত পরিবর্তনের জন্য একটি উত্তম উদ্যোগ উল্লেখ করে তিনি জানান, ভুটান দুর্নীতি দমন কমিশনও বিদ্যালয়ে ‘সততা সংঘ’ গঠনের মাধ্যমে একই রকম উদ্যোগ গ্রহণ করেছে।
দুদকের সততা স্টোরে পণ্যের গায়ে মূল্য লেখা আছে, কিন্তু কোনো বিক্রেতা নেই। পণ্য নিয়ে যাওয়ার সময় নির্ধারিত বাক্সে পণ্যের মূল্য পরিশোধ করেস ক্রেতা।
দুর্নীতি দমন কমিশনের সচিব আবু মো. মোস্তফা কামাল বলেন, “দুর্নীতি দমন কমিশন তরুণ প্রজন্মের প্রতিনিধিদের মাঝে সততা ও নৈতিক মূল্যবোধ জাগাতে ইতোমধ্যেই দেশের ৬০০টি শিক্ষা প্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ গঠন করেছে।”
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া বলেন, জিআর ইনস্টিটিউট অ্যান্ড হাই স্কুলে গত বছরের ১০ ডিসেম্বর সততা স্টোর স্থাপন করা হয়।
দোকানি ছাড়া স্টোরে দ্রব্য সামগ্রী কেনা এবং মূল্য পরিশোধের বিষয়ে ভুটান দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে অবহিত করেন তিনি।
এসময় অন্যদের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মিয়া বক্তব্য দেন।
এরপর ভুটান দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধি দলটি সোনাগাঁওয়ের পানাম সিটি এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন পরিদর্শন করেন।
দুপুরে ভুটান দুর্নীতি দমন কমিশনের চেয়ারপারসনের নেতৃত্বে একটি দল রাজধানীর সবুজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার পরিদর্শন করেন।
কিনলে ইয়াংজুর নেতৃত্বে পাঁচ সদস্যের ভুটানের দুর্নীতি দমন কমিশনের প্রতিনিধি দল চারদিনের সফরে সোমবার ঢাকায় এসেছে।
