তামাক: মূল্যস্তর বাতিল করে সুনির্দিষ্ট হারে কর আরোপের দাবি
প্রস্তাবিত বাজেটে সিগারেটের নতুন মূল্যস্তর তৈরির মাধ্যমে বিদ্যমান কর কাঠামোকে জটিল করা হয়েছে মন্তব্য করে তা বাতিল করে সব সিগারেটের ওপর সুনির্দিষ্ট হারে কর আরোপের দাবি জানিয়েছেন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান খলীকুজ্জমান বলছেন, কর কাঠামো জটিল হওয়ায় কর ফাঁকির প্রবণতা ও স্বাস্থ্যঝুঁকি আরও বেড়ে তামাকজাত পণ্য উৎপাদক কোম্পানিগুলো ‘লাভবান’ হবে।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে তামাকবিরোধী বিভিন্ন সংগঠনের বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বহুস্তরভিত্তিক ‘এডভ্যালোরেম’ পদ্ধতির পরিবর্তে সব তামাক পণ্যে সুনির্দিষ্ট হারে কর আরোপের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে তামাকবিরোধী সংগঠনগুলো। কিন্তু অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত পহেলা জুন জাতীয় সংসদে উত্থাপিত ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কম দামি সিগারেট ও বিড়ির দাম বাড়ানোর পাশাপাশি ই-সিগারেট ও এর রিফিলের উপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব করেছেন।
যেসব সিগারেটের প্যাকেটের দাম ৪৫ টাকা বা তার বেশি সেগুলোর ওপর কর বাড়ানোর প্রস্তাব করা হয়নি বাজেটে। গুল-জর্দা নিয়েও কোনো কথা বলা হয়নি।
সংসদে বাজেট অনুমোদনের সময় ‘মূল্যস্তর’ প্রথা বাতিল করে সুনির্দিষ্ট হারে কর আরোপের দাবি জানান কাজী খলীকুজ্জমান।
নতুন মূল্যস্তর তৈরির ফলে কর আহরণে জাতীয় রাজস্ব বোর্ডকে ‘অনেক বেশি বেগ পেতে হবে’ বলে মনে করেন সংস্থাটির সাবেক সদস্য মো. আমিনুর রহমান।
এই সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের সংশ্লিষ্ট বিভাগ যথেষ্ট ‘হোমওয়ার্ক’ করেনি বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন তিনি।
এতে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রুমানা হক।
তিনি বলেন, দেশের মোট ২ কোটি ৫৯ লাখ মানুষ ধোঁয়াবিহীন তামাক ব্যবহার করলেও প্রস্তাবিত বাজেটে ধোঁয়াবিহীন তামাকজাত পণ্য জর্দা ও গুলের ওপর কর বাড়ানো হয়নি।
ধোঁয়াবিহীন তামাক ব্যবহারের হার নারীদের মধ্যে বেশি জানিয়ে রুমানা বলেন, দেশে তামাক ব্যবহারজনিত রোগে প্রতি বছর প্রায় এক লাখ মানুষের মৃত্যু হয়।
দেশের ৭ শতাংশ কিশোর-কিশোরী তামাক সেবন করে বলেও জানান তিনি।
নতুন মূল্যস্তর অনুযায়ী দেশি ব্র্যান্ডের প্রতি ১০ শলাকার এক প্যাকেট সিগারেটের সর্বনিম্ন দাম ২৩ টাকা থেকে বাড়িয়ে ২৭ টাকা এবং সম্পূরক শুল্ক ২ শতাংশ বাড়িয়ে ৫২ শতাংশ করা হয়েছে।
এই বৃদ্ধির হার গত অর্থবছরের চেয়ে কম জানিয়ে রুমানা বলেন, গত ২০১৬-১৭ অর্থ বছরে এই স্তরের সিগারেটের সর্বনিম্ন দাম ২৮ শতাংশ বাড়ানো হলেও এবার দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে মাত্র ১৭ দশমিক ৪ শতাংশ।
প্রগতির জন্য জ্ঞান- প্রজ্ঞা এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স-আত্মা আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মালিক।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহছানিয়া মিশন, অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি), এইড ফাউন্ডেশন, ডব্লিউবিবি ট্রাস্ট, ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা), টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেল (টিসিআরসি) এবং তামাকবিরোধী নারী জোট (তাবিনাজ) সম্মিলিতভাবে এই সংবাদ সম্মেলন আয়োজন করে।
তাবিনাজের আহ্বায়ক ফরিদা আখতার, ক্যাম্পেইন ফর টোব্যাকা ফ্রি কিডসের (সিটিএফকে) গ্রান্ডস ম্যানেজার মাহফুজুর রহমান, দি ইউনিয়নের টেকনিক্যাল অ্যাডভাইজর আইনজীবী সৈয়দ মাহবুবুল আলম, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের চিকিৎসক সোহেল রেজা চৌধুরী এবং আত্মার আহ্বায়ক মর্তুজা হায়দার লিটন এতে বক্তব্য দেন।
আত্মার যুগ্ম আহ্বায়ক নাদিরা কিরণের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তামাকবিরোধী বিভিন্ন সংগঠন এবং দাতা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
