‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বাঙালি জাতির ইতিহাস’ বইয়ের মোড়ক উন্মোচন
বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ রচিত ‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বাঙালি জাতির ইতিহাস’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে।
শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে এ গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচনের আগেই বইটি প্রায় পড়ে ফেলেছেন জানিয়ে অনুষ্ঠানে বইটির বিষয়বস্তুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন অর্থমন্ত্রী।
মুহিত বলেন, এতে ভারত বর্ষের ইতিহাস সংস্কৃতি, মুসলমান ও ইংরেজদের শাসন, ভারত পাকিস্তান ভাগ এবং সর্বশেষ বাংলাদেশের স্বাধীনতা ও বাঙালির ইতিহাস সবিস্তারে বিন্যস্ত হয়েছে।
তবে ৫৬৫ পৃষ্টার এ বইটি মাত্র সাতটি অধ্যায়ে লেখা হওয়ায় মৃদু সমালোচনা করে তিনি বলেন, “বেশি অধ্যায় ভাগ করে লেখা হলে পাঠকদের পড়তে সুবিধা হয়।”
তিনি বলেন, “বইটির ১৪৬ পৃষ্ঠায় প্রাগৈতিহাসিক বাংলাদেশের কথা রয়েছে। সেই দূর থেকে শুরু করে ১৯৭২ সাল পর্যন্ত দেশের মানুষ ও সার্বভৌমত্বের ইতিহাস লেখা হয়েছে। সেখানে হিন্দু, মুসলিম, বৃটিশ ও তাদের কোম্পানিসহ উপনিবেশিক শাসন সবকিছু শেষ করে বাংলোদেশের জন্মলগ্ন পর্যন্ত বিবৃত হয়েছে।”
এত বড় একটা অধ্যায়কে কয়েকটি ভাগ করে লিখলে ভাল হত বলে মনে করেন অর্থমন্ত্রী।
বইটিতে লেখক একটি তথ্য নতুন করে উপস্থাপন করেছেন জানিয়ে তিনি বলেন, “বাংলাদেশে বেশির ভাগ সময়ে যারা বিদেশ থেকে এসেছেন, দেশটাকে গ্রহণ করেছেন, তারাই এদেশটিকে শাসন করেছেন। আমরা বাঙালিরা ১৯৭১ সালে প্রথামবারের মতো এদেশের শাসনভার গ্রহণ করি।
ছবি: পিআইডি
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গোলাপ রচিত বইটির চতুর্থ অধ্যায়ের রাষ্ট্র ব্যবস্থার বিবৃত করা হয়েছে।
এ প্রসঙ্গে মুহিত বলেন, “ওই সময়ে অনেকগুলো রাষ্ট্র ব্যবস্থা ছিল। তিনি কয়েকটি পৃষ্টায় এতগুলো রাষ্ট্র ব্যবস্থার বর্ণনা দিয়েছেন। এত লম্বা ইতিহাসকে এত অল্প কথায় ও অল্প পরিসরে… এই বর্ণনা লেখকের মহা কৃতিত্ব।
“পঞ্চম পর্বে বাঙালির সত্ত্বাটা প্রণীত হয়েছে। যে বাঙালির সত্ত্বা, বহু উত্থান-পতনের ফলে সৃষ্টি হয়েছে যেখানে বিভিন্ন মত বিভিন্ন ধর্ম এবং বিভিন্ন গোষ্ঠী একত্র হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বিশেষ পরিচয় ও বিশেষ বৈশিষ্ট।”
মোড়ক উন্মোচনের এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রেলমন্ত্রী মুজিবুল হক এবং প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
