বিমানযাত্রীর পায়ুপথে মিলল ৩ হাজার ইয়াবা
ঢাকায় হজরত শাহজালাল বিমানবন্দরে চট্টগ্রাম থেকে আসা এক যাত্রীকে তল্লাশি করে পায়ুপথ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে শুল্ক বিভাগ।
বৃহস্পতিবার দুপুরে বিমানের ফ্লাইটে আসা রফিকুল ইসলাম (৩৬) নামে ওই যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি চট্টগ্রামের মহেশখালী।
ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার এইচ এম আহসান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিমানবন্দরের আগমনী লাউঞ্জ অতিক্রমের সময় কাস্টম হাউসের প্রিভেনটিভ দলের সদস্যরা রফিকুলকে চ্যলেঞ্জ করলে তিনি ইয়াবা বহনের কথা অস্বীকার করেন এবং নিজেকে বেসরকারি একটি স্কুলের শিক্ষক বলে পরিচয় দেন।
“এরপর কর্মকর্তাদের সন্দেহ হলে তার দেহ তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। কিন্তু তাতেও সন্দেহ না কাটায় উত্তরার একটি হাসপাতালে নিয়ে তার এক্সরে করা হয়। তখন রেক্ট্রামে ইয়াবা জাতীয় কিছু বহনের বিষয়ে নিশ্চিত হওয়া যায়।”
তখন চাপের মুখে রফিকুল পায়ুপথ থেকে চারটি ইয়াবার প্যাকেট বের করে দেন বরে আহসান জানান।
তিনি বলেন, “পোটলাগুলো কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল।”
