যুবককে পিটিয়ে হাত-পা ভাঙার ‘আসামি ধরতে গড়িমসি’
রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ায় এক যুবককে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার ২৫ দিনেও আর কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
মামলার বাদী বলছেন, হামলাকারীদের কয়েকজনের নাম তারা থানায় দিলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না।
গত ১৪ মে সন্ধ্যায় খিলগাঁও তিলপাপাড়ার ১৯ নম্বর সড়কে মেহেদি হাসান শিপন নামের এক যুবকের উপর হামলা করে একদল সন্ত্রাসী। রড ও জিআই পাইপ দিয়ে পিটিয়ে তার দুটি পায়েরই দুই হাড় ভেঙে দেওয়া হয়, বাঁ হাতের হাড় ভেঙেছে চার জায়গায়।
তার উপর হামলার পর ঘটনাস্থল থেকে ইউসুফ ওরফে ভাণ্ডারি (৪০), মো. আলাউদ্দিন আহম্মেদ (৩৫) ও মনির হোসেন মিন্টুকে (৩৯) গ্রেপ্তার করে পুলিশ।
এদের মধ্যে মিন্টু মিথ্যা সাংবাদিক পরিচয়ে জামিনে বের হয়ে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বলে মামলার বাদী শিপনের বড় ভাই রিপন খানের অভিযোগ।
মেহেদি হাসান শিপনের দুই পায়ের দুটো হাড়ই ভেঙে দেওয়া হয়েছে
“পুলিশ আসামি ধরছে না। প্রথম দিকেই মামলার তদন্ত কর্মকর্তা একবার বলেছেন, আপনারা পারলে আসামি ধরে আমাদের খবর দেন। আমরা নিয়ে আসব। এরপর আর কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।”
“আসামি ধরে দেওয়া কি বাদীর কাজ?” প্রশ্ন করেন রিপন খান।
শিপন দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে এখন রাজধানীর পান্থপথে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার দুই পা ও হাতে একাধিক অস্ত্রোপচার করা হয়েছে। কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা সেটা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলেও জানান রিপন।
মামলার তদন্ত কর্মকর্তা মো. আলমাস বলেন, “বাদী হামলাকারী আরও কয়েকজনের নাম দিয়েছে। তাদের নাম মামলার এজাহারে অন্তর্ভুক্ত করতে আদালতে আবেদন করা হয়েছে। আদালত অনুমতি দিলে যাদের নাম আছে তাদের গ্রেপ্তার করা হবে।”
এ বিষয়ে জানতে চাইলে আইনজীবী প্রকাশ রঞ্জন বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্তাধীন মামলায় অজ্ঞাত পরিচয় আসামিদের খুঁজে বের করবেন তদন্ত কর্মকর্তা।
“যাকে মারা হয়েছে তিনি যাদের চিনতে পেরেছেন, পুলিশ তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এখানে তো আদালতের অনুমতির অপেক্ষায় থাকার কিছু নেই।”
ঢাকা মেডিকেলে ১৭ দিন চিকিৎসার পর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে তার
তবে রিপন বলছেন, তার ভাই যে বাসায় ভাড়া থাকতেন সেই বাসার নিচেই তার ওপর হামলা হয়। ওই বাসার দারোয়ান গেইট খুলে দিয়েছিলেন। তার নামও আসামির তালিকায় দেওয়া হয়েছে।
“তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে সব আসামির নাম-ঠিকানা বের করতে পারত পুলিশ। এছাড়া গ্রেপ্তার তিনজনের কাছ থেকেও সবার নাম-পরিচয় তারা বের করতে পারত।”
মামলাটি নিয়ে আর কোনো মন্তব্য করতে না চেয়ে মো. আলমাস বলেন, “আর কিছু জানতে চাইলে ওসি স্যারের সঙ্গে কথা বলেন। আমরা তো ওসির চাকরি করি। তিনি যেভাবে যা বলেন সেভাবেই আমাদের কাজ করতে হয়। এর বাইরে যাবার কোনো সুযোগ নাই।”
এ বিষয়ে জানতে চাইলে খিলগাঁও থানার ওসি মইনুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন,“ওই ঘটনায় গ্রেপ্তার তিনজনের মধ্যে দুইজনকে একদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। মামলার বাদী যাদের নাম দিয়েছে তাদের কার কী ভূমিকা ছিল পুলিশ তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। বাদীকে কেউ হুমকি দিলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”
আহত শিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দীর্ঘদিন সৌদি আরব ছিলেন তিনি। বছর দুয়েক আগে দেশে ফিরে নিজেদের বাড়ি বাগেরহাটে পরিবহন ব্যবসায় নামেন। কয়েক মাস আগে ঢাকায় এসে দুটি লেগুনা খিলগাঁওয়ে ভাড়ায় চালান। তিলপাপাড়া ১৯ নম্বর সড়কের ৫১/এ ভবনের ষষ্ঠতলার একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকতেন।
তার বাঁ হাতে অস্ত্রোপচার হয়েছে পাঁচ জায়গায়
“এসময় আমার সঙ্গে থাকা মৃদুল মটরসের (যাদের নামে ওই এলাকার রুট পারমিট) মালিকের ভাই কামরুল ইউসুফ ভাণ্ডারির সঙ্গে বাক-বিতণ্ডা এবং একপর্যায়ে হাতাহাতিতে লিপ্ত হন। আমি তাদের থামানোর চেষ্টা করি। এক পর্যায়ে কামরুল সেখান থেকে চলে যায়।
“এরপর ২০-২৫ জন রড, জিআই পাইপ নিয়ে আমাকে ধাওয়া করে। আমি বাসার মধ্যে ঢুকে পড়লে মনির হোসেন মিন্টু দুইতলা থেকে রড নিয়ে নেমে আমাকে মারতে মারতে ওদের কাছে নিয়ে যায়। তখন আমার বাসার নিচতলায় ওরা পিটিয়ে আমার ডান পা ভেঙে ফেলে। পেটানোর এক পর্যায়ে চলে যায়।
“এর ৫-৭ মিনিট পরে আবার ইউসুফ ভাণ্ডারি ও তার ভাই জাহাঙ্গীর, ভাণ্ডারির দুই ছেলে রবীন ও রাব্বি, আলাউদ্দিন, মিন্টু, জাকির, সজল, বাবুসহ কয়েকজন এসে প্রায় ১৫ মিনিট ধরে আমাকে রড দিয়ে পেটায়। এসময় আমার বাঁ পাটাও ভেঙে যায়। হাত দিয়ে মাথা ও বুকের বাড়ি ঠেকানোয় বাঁ হাত ভেঙেছে কয়েক জায়গায়।”
এ সময় তার কাছ থেকে একটি সোনার চেইন, নগদ সাড়ে সাত হাজার টাকা, একটি আইফোন মোবাইল সেট কেড়ে নেওয়া হয় এবং তার একটি লেগুনা ব্যাপকভাবে ভাংচুর করা হয় বলে জানান শিপন।
রক্তাক্ত অবস্থায় কয়েক মিনিট পড়ে থাকার পর পুলিশ এসে তাকে উদ্ধার করে জানিয়ে তিনি বলেন, “আমার সঙ্গে হামলাকারী তিনজনকেও পুলিশ ভ্যানে উঠায়। আমি সেসময় পুলিশকে বলি, আপনারা আমাকে বাঁচান- হাসপাতালে নেন।
“আর এই যে তিনজনকে এনেছেন, এরা আমাকে মেরেছে। এদের আপনারা ছাইড়েন না।”
এ ঘটনায় দায়ের করা মামলায় ইউসুফ, আলাউদ্দিন ও মিন্টুর নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় ২০-২৫ জনকে আসামি করা হয়েছিল। ঘটনার এতদিন পার হলেও আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
