যুবককে পিটিয়ে হাত-পা ভাঙায় গ্রেপ্তার হয়নি আর কেউ
রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ায় এক যুবককে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার তিন দিনেও আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মেহেদি হাসান শিপনের দুটি পায়েরই দুই হাড় ভেঙে গেছে। বাঁ হাতের হাড় ভেঙেছে চার জায়গায়।
গত রোববার সন্ধ্যায় খিলগাঁও তিলপাপাড়ার ১৯ নম্বর সড়কে তার উপর হামলার পর ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এদের মধ্যে মিন্টুর জন্য সাংবাদিক পরিচয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করা হচ্ছে বলে মামলার বাদী শিপনের বড় ভাই রিপন খান অভিযোগ করেছেন।
ঢাকা মেডিকেলের শয্যায় শুয়ে আহত শিপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন সৌদি আরব ছিলেন তিনি। বছর দুয়েক আগে দেশে ফিরে নিজেদের বাড়ি বাগেরহাটে পরিবহন ব্যবসায় নামেন। কয়েক মাস আগে ঢাকায় এসে দুটি লেগুনা খিলগাঁওয়ে ভাড়ায় চালান। তিলপাপাড়া ১৯ নম্বর সড়কের ৫১/১ ভবনের ষষ্ঠতলার একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকতেন তিনি।
“এসময় আমার সঙ্গে থাকা মৃদুল মটরসের (যাদের নামে ওই এলাকার রুট পারমিট) মালিকের ভাই কামরুল ইউসুফ ভাণ্ডারির সঙ্গে বাক-বিতণ্ডা এবং একপর্যায়ে হাতাহাতিতে লিপ্ত হন। আমি তাদের থামানোর চেষ্টা করি। এক পর্যায়ে কামরুল সেখান থেকে চলে যায়।
“এর ৫-৭ মিনিট পরে আবার ইউসুফ ভাণ্ডারি ও তার ভাই জাহাঙ্গীর, ভাণ্ডারির দুই ছেলে রবীন ও রাব্বি, আলাউদ্দিন, মিন্টু, জাকির, সজল, বাবুসহ কয়েকজন এসে প্রায় ১৫ মিনিট ধরে আমাকে রড দিয়ে পেটায়। এসময় আমার বাঁ পাটাও ভেঙে যায়। হাত দিয়ে মাথা ও বুকের বাড়ি ঠেকানোয় বাঁ হাত ভেঙেছে কয়েক জায়গায়।”
এ সময় তার কাছ থেকে একটি সোনার চেইন, নগদ সাড়ে সাত হাজার টাকা, একটি আইফোন মোবাইল সেট কেড়ে নেওয়া হয় এবং তার একটি লেগুনা ব্যাপকভাবে ভাংচুর করা হয় বলে জানান শিপন।
রক্তাক্ত অবস্থায় কয়েক মিনিট পড়ে থাকার পর পুলিশ এসে তাকে উদ্ধার করে জানিয়ে তিনি বলেন, “আমার সঙ্গে হামলাকারী তিনজনকেও পুলিশ ভ্যানে উঠায়। আমি সেসময় পুলিশকে বলি, আপনারা আমাকে বাঁচান- হাসপাতালে নেন।
“আর এই যে তিনজনকে এনেছেন, এরা আমাকে মেরেছে। এদের আপনারা ছাইড়েন না।”
এরপর খিলগাঁও থানা থেকে কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে আনা হয় শিপনকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
মামলার বাদী রিপন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি বুধবার থানায় গিয়ে কয়েকজন আসামির নাম বললেও তাতে উৎসাহ দেখাননি তদন্ত কর্মকর্তা।
তবে খিলগাঁও থানার ওসি মইনুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছেলেটিকে নির্মমভাবে মেরেছে। আমরা আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি।”
