আফসান চৌধুরীর মামলায় তদন্ত প্রতিবেদনের দিন ধার্য
ফেইসবুকে লেখা নিয়ে কলামনিস্ট-শিক্ষক আফসান চৌধুরীর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের মামলাটিতে তদন্ত প্রতিবেদন জমার দিন ধার্য হয়েছে।
ঢাকার মহানগর হাকিম নূরুন্নাহার ইয়াসমিন বৃহস্পতিবার মামলার এজাহার গ্রহণ করে আগামী ২৩ জুলাই এই দিন ঠিক করে দেন বলে
আদালতের পুলিশের কর্মকর্তা এসআই ফরিদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
গত সোমবার গুলশান থানায় এই মা্মলাটি করেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।
তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের করা এ মামলায় ফেইসবুকে সাবেক এই সেনা কর্মকর্তাকে জড়িয়ে ‘অসত্য বক্তব্য দেওয়ার’ অভিযোগ আনা হয়েছে আফসান চৌধুরীর বিরুদ্ধে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফসান চৌধুরী সংবাদপত্রে লেখার পাশাপাশি টেলিভিশনে আলোচনা অনুষ্ঠানেও নিয়মিত।
ফেইসবুকে আরেক মন্তব্যের জন্য বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে অভিযোগ করে সুপ্রিম কোর্টের এক আইনজীবী গত সোমবার আফসান চৌধুরীর নামে একটি উকিল নোটিস পাঠান।
গুলশান থানায় দায়ের করা মামলার বাদী মাসুদ উদ্দিন চৌধুরী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই সাঈদ এস্কেন্দারের ভায়রা।
আফসান চৌধুরী
বনানীকে দুই তরুণী ধর্ষণের মামলার এক আসামিকে মাসুদ উদ্দিনের ছেলে লিখেছিলেন আফসান চৌধুরী, যা ঠিক ছিল না।
মাসুদ উদ্দিন যে রেস্তোরাঁর চেয়ারম্যান, তার অন্যতম মালিক রেগনাম গ্রুপের এমডি মোহাম্মদ হোসেন জনির ছেলে সাদমান সাকিফ বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের মামলার আসামি।
তবে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিফকে জেনারেল মাসুদের ছেলে লিখেছিলেন অনেকে, যে ভুল শুধরে দিতে মাসুদের মেয়ে তাসনুভা জেরিন মাসুদ ফেইসবুকে লেখেন।
আফসান চৌধুরী জানিয়েছেন, তাসনুভা ফেইসবুকে যোগাযোগ করলে এবং মাসুদ উদ্দিন চৌধুরীসহ কয়েকজনের ফোন পেয়ে তিনি ফেইসবুকে তার ওই বক্তব্য সংশোধন করে নেন।
