আফসান চৌধুরীর বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা জেনারেল মাসুদের
ফেইসবুকে করা মন্তব্যের কারণে কলামনিস্ট-শিক্ষক আফসান চৌধুরীর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন মিয়া জানান, গত সোমবার মাসুদ উদ্দিন চৌধুরী এ মামলা দায়ের করেন।
তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের করা এ মামলায় ফেইসবুকে সাবেক এই সেনা কর্মকর্তাকে জড়িয়ে ‘অসত্য বক্তব্য দেওয়ার’ অভিযোগ আনা হয়েছে আফসান চৌধুরীর বিরুদ্ধে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফসান চৌধুরী সংবাদপত্রে লেখার পাশাপাশি টেলিভিশনে আলোচনা অনুষ্ঠানেও নিয়মিত।
ফেইসবুকে আরেক মন্তব্যে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে অভিযোগ করে সুপ্রিম কোর্টের এক আইনজীবী গত সোমবার তার নামে একটি উকিল নোটিসও পাঠিয়েছেন।
গুলশান থানায় দায়ের করা মামলার বাদী মাসুদ উদ্দিন চৌধুরী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই সাঈদ এস্কেন্দারের ভায়রা।
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় মাসুদ নবম পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। সে সময় ‘গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় কমিটির (টাস্কফোর্স)’ প্রধান সমন্বয়ক ছিলেন তিনি। তার ওই সময়ের ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।
পরে তাকে পদোন্নতি দেওয়া হয় এবং কূটনৈতিক দায়িত্ব দিয়ে বিদেশে পাঠানো হয়। ছয় বছরের বেশি সময় অস্ট্রেলিয়ায় হাই কমিশনারের দায়িত্ব পালন শেষে অবসরে যান সাবেক এই সেনা কর্মকর্তা। পরে দেশে ফিরে যৌথ বিনিয়োগে ঢাকার তেজগাঁও লিংক রোডে পিকাসো রোস্তোরাঁ খোলেন।
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, ফাইল ছবি
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ যে রেস্তারাঁর চেয়ারম্যান, তার অন্যতম মালিক রেগনাম গ্রুপের এমডি মোহাম্মদ হোসেন জনির ছেলে সাদমান সাকিফ বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণীকে ধর্ষণের মামলার আসামি।
ধর্ষণের শিকার দুই তরুণীর একজন গত ৬ মে বনানী থানায় ওই মামলা করার পর সাদমান ও পিকাসো রেস্তোরাঁ প্রসঙ্গে জেনারেল মাসুদের নামও ফেইসবুকে আসে।
সে সময় সাদমানের বাবা হিসেবে কেউ কেউ মাসুদ উদ্দিন চৌধুরীর নামও ফেইসবুকে লেখেন, যা সঠিক নয় বলে এক পোস্টে জানান তার মেয়ে তাসনুভা জেরিন মাসুদ।
ওই ফেইসবুক ফোস্টে তাসনুভা জানান, তার একমাত্র ভাই আলবাব মাসুদ দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় থাকেন। সাদমান কোনোভাবেই তাদের পরিবারের কেউ নন।
সে সময় আফসান চৌধুরীও ফেইসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। পরে তাসনুভা ফেইসবুকে যোগাযোগ করলে এবং মাসুদ উদ্দিন চৌধুরীসহ কয়েকজনের ফোন পেয়ে আফসান চৌধুরী তার ওই বক্তব্য সংশোধন করে নেন বলে ৮ মে আরেক পোস্টে জানান।
মামলা হওয়ার পর বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “তার সম্মানহানী ঘটানোর কী প্রয়োজন আমার থাকতে পারে, যেখানে তার সাথে আমার পরিচয়ই নেই।”
আফসান চৌধুরী বলেন, “তিনি তখন আমাকে ফোন করেছেন, আমি সব ক্লারিফাই করে পোস্ট দিয়েছি। তখনই যেটা মিটে গেছে সেটা নিয়ে এতদিন পর কেন মামলা করতে হল? উনার আরও কিছু বলার থাকলে আমাকে তখনই বলতে পারতেন। আর একই সময়ে দুইজন কেন আমার নামে ৫৭ ধারায় আইনি পদক্ষেপ নিতে গেল, সেটাও আমার প্রশ্ন।”
