২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলামনিস্ট আফসান চৌধুরীকে গ্রেপ্তারের দাবিতে আইনি নোটিস

ফেইসবুকে করা মন্তব্যের কারণে কলামনিস্ট-শিক্ষক আফসান চৌধুরীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের জন্য স্বরাষ্ট্র সচিব ও পুলিশ প্রধানকে আইনি নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2017, 08:06 PM

Updated : 11 Apr 2022, 11:42 PM

আফসান চৌধুরীর মন্তব্যে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে দাবি করে অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু সোমবার রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিস পাঠান।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আফসান চৌধুরী সংবাদপত্রে লেখার পাশাপাশি টেলিভিশনে আলোচনা অনুষ্ঠানেও নিয়মিত অংশ নেন।

হেফাজতে ইসলামের দাবি মেনে সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য অপসারণ নিয়ে গত ২৬ মে নিজের ফেইসবুক পাতায় ‘মূর্তি তুমি কার?’ শিরোনামে আফসান চৌধুরীর পোস্ট দেখে তার গ্রেপ্তার চেয়েছেন ক্ষুব্ধ আইনজীবী জুলফিকার।

ওই পোস্টে আফসান লিখেছিলেন- “সিনহা ভাই, মূর্তি সরায়ে নিল রোজার আগে। হেফাজতের মুখ বন্ধ হয়ে গল। জুম্মার খোদবার সাবজেক্ট নতুন করে খুঁজতে হবে। আর ষোড়শ সংশোধনীর মামলা চলতেই থাকল… তাহলে হাফ-টাইমে স্কোর কী?”

আফসান চৌধুরীর এই লেখার মাধ্যমে তথ্য প্রযুক্তি আইন লঙ্ঘন ঘটিয়েছেন দাবি করেন জুলফিকার।

“প্রধান বিচারপতি ও বিচারাধীন বিষয়সহ দেশের বিভিন্ন আলোচিত ঘটনা নিয়ে আফসান চৌধুরীর এ ধরনের মিথ্যাচার বানোয়াট বিষয় পোষ্ট করে দেশের বিশিষ্ট ব্যক্তিদের মানহানি ঘটিয়ে তথ্য প্রযুক্তি আইনের অপরাধ সংঘটন করেছেন।

“বিচারাধীন ষোড়শ সংশোধনীর মামলা নিয়ে কটূক্তিমূলক মন্তব্যের মাধ্যমে বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে এবং জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।”

স্বরাষ্ট্র সচিব ও আইজিপির পাশাপাশি এই আইনজীবীর নোটিস গেছে বিটিআরসি চেয়ারম্যান, ঢাকার পুলিশ কমিশনার, ডিএমপির গুলশান জোনের ডিসি, সাইবার ক্রাইম ইউনিট, গুলশান থানার ওসি ও শাহবাগ থানার ওসির কাছেও।

নোটিশে জুলফিকার বলেছেন, আফসান চৌধুরী তার ফেইসবুক আইডি থেকে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে দেশের বিশিষ্ট ব্যক্তিদের নাম জড়িয়ে ‘মিথ্যা, বানোয়াট, অপপ্রচার’ চালান।

“অপপ্রচারের অভিযোগে আফসান চৌধুরীর বিরুদ্ধে সাবেক এক সামরিক কর্মকর্তা ও রাষ্ট্রদূত গুলশান থানায় সাধারণ ডায়রি করেছিলেন। কিন্তু আজ পর্যন্ত সে অভিযোগের তদন্ত করে গুলশান থানা পুলিশ আফসান চৌধুরীকে গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেয়নি।”

এই আইনি নোটিস পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে আফসান চৌধুরীকে গ্রেপ্তার করা না হলে হাই কোর্টে যাওয়ার হুমকিও দিয়েছেন জুলফিকার।

এবিষয়ে আফসান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার নামে নাকি প্রধান বিচারপতির ভাবমূর্তি খুন্ন করার অভিযোগে আইনি ব্যবস্থার তোড়জোড় চলছে। জীবনে ওই আইনজীবীর নামও শুনিনি। উনাকে চিনিও না।

“আমি তো প্রধান বিচারপতির একজন ভক্ত। তিনি রমজানের আগে মূর্তিটা সরিয়ে নিয়ে সংঘর্ষ এড়িয়েছেন। এর জন্য তাকে সাধুবাদ জানিয়েছেন অনেকে, আমিও। অপমান করলাম কই?”

সরকার যদি গ্রেপ্তারের কোনো পদক্ষেপ নেয়, তাহলে তা আইনিভাবে মোকাবেলা করবেন বলে জানান আফসান চৌধুরী।