অধ্যাপক সাহাদাৎকে ঢাবি থেকে বরখাস্ত কেন অবৈধ নয়: হাই কোর্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সাহাদাৎ হোসেইনকে বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে হাই কোর্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও ডেপুটি রেজিস্ট্রারসহ বিবাদীদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি এম ফারুকের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রুল দেয়।
আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী তাহসিনা তাসনিম । রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম ও সহকারী অ্যার্টনি জেনারেল এ আর এম হাসানুজ্জামান।
তাহসিনা তাসনিম সাংবাদিকদের বলেন, “সাহাদাৎ হোসেইনকে বরখাস্তের আগে কোনো ধরণের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি।এমনকি তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই বরখাস্ত করা হয়।
“তিনি বাধ্যতামূলক ছুটিতে ছিলেন, এ অবস্থায় বরখাস্ত করা বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থি। এসব যুক্তিতে রিটটি করা হলে আদালত ওই রুল দেয়।”
