২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাদিম কাদিরে বিব্রত বাংলাদেশ

ব্রিটেনের জাতীয় নির্বাচনে একটি রাজনৈতিক দলের জয়ের সম্ভাবনা ব্যাখ্যা করে ঢাকার একটি পত্রিকায় নিবন্ধ লিখে লন্ডনে বাংলাদেশ মিশনকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন হাই কমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2017, 10:39 PM

Updated : 11 Oct 2022, 02:07 PM

‘অ্যা লেবার উইন অন দ্য কার্ডস’ শিরোনামে ঢাকা ট্রিবিউনের মতামত বিভাগে প্রকাশিত ওই নিবন্ধে ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির পক্ষ নেওয়া হয়। পরে নিবন্ধটি প্রত্যাহার করে ঢাকার এই পত্রিকা। 

বিষয়টি নিয়ে মঙ্গলবার ব্রিটেনে বাংলাদেশের হাই কমিশনার নাজমুল কাউনাইনকে তলব করে ব্রিটিশ সরকারের ‘অসন্তোষের’ কথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই ঘটনার পর ব্রিটিশ সরকার নাদিম কাদিরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ভেবেছিল জানিয়ে লন্ডনের এক সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্রিটিশ সরকার তাকে অবাঞ্ছিত ঘোষণা করার কথা ভেবেছিল। কিন্তু দুই দেশের সম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে তারা তা করেনি।”

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক কোনো মন্তব্য করতে রাজি হননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ঘটনাটি স্বীকার করে বলেন, “(হাই কমিশনের এই পদে থেকে) তিনি এটা লিখতে পারেন না।

“আমরা তাকে ভর্ৎসনা করেছি। পত্রিকাটিও নিবন্ধটি প্রত্যাহার করেছে।”

বিষয়টি নিয়ে বাংলাদেশকে কী মাত্রায় বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তা বোঝাতে নাম প্রকাশ অস্বীকৃতি জানিয়ে ঢাকার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, “বাংলাদেশে জাতীয় নির্বাচনে বিশেষ কোনো দলের জয়ের সম্ভাবনা নিয়ে অ্যালিসন ব্লেইক (ব্রিটিশ হাই কমিশনার) বা ডেপুটি যদি যুক্তরাজ্যের কোনো পত্রিকায় লিখত তাহলে বাংলাদেশের প্রতিক্রিয়া কেমন হত?” 

এই বিষয়ে কথা বলতে নাদিম কাদেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হলেও তাকে পাওয়া যায়নি।

সাংবাদিক নাদিম কাদির ২০১৪ সালে দুই বছরের জন্য যুক্তরাজ্যে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার পদে নিয়োগ পান। পরে তার চাকরির মেয়াদ বাড়ানো হয়।