২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগ আসামি উপ-সচিবের বিরুদ্ধে

যৌতুক চেয়ে নির্যাতনের মামলায় এক উপ-সচিব জামিন পাওয়ার পর সাক্ষীদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন মামলাটির বাদী তার স্ত্রী।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2017, 11:24 PM

Updated : 19 Aug 2022, 04:49 PM

স্ত্রীর করা মামলায় গত ১৯ এপ্রিল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে জামিন পন জাহাঙ্গীর আলম । তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাইভেট-পাবলিক পার্টনারশিপ অথরিটি শাখার পরিচালক পদে কর্মরত।

মামলাকারী নাজমা বেগমের অভিযোগ, জামিন পাওয়ার পর থেকে সাক্ষীদের হুমকি দিয়ে চলেছেন তার স্বামী।

স্বামীর বিরুদ্ধে যৌতুক চাওয়ার জন্য একটি এবং যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে আরেকটি মামলা করেন নাজমা।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার বলেন, “যৌতুক মামলাটির সাক্ষী তালিকায় থাকা সাক্ষীদের আদালতে না হাজির হওয়ার জন্য হুমকি দিয়ে চলেছেন জাহাঙ্গীর।

“জাহাঙ্গীর প্রথমে সাক্ষীদের সাক্ষী না দেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু এতে রাজি না হওয়ায় সাক্ষ্য দিলে তাদের বড় ধরনের ক্ষতি করবে বলে এখন সে হুমকি দিচ্ছে।”

হুমকির বিষয়ে সাক্ষীদের মধ্যে কয়েকজনের সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করছেন বলে জানান নাজমা।

এ অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় বেশ কয়েকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।

এর আগে মামলার পর সরকারি এই কর্মকর্তা তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন।

তার বক্তব্য, তিনি ৪ মার্চ স্ত্রীকে তালাক দিয়ে সরকারি সফরে অস্ট্রেলিয়া গিয়েছিলেন। সেখান থেকে ২৫ মার্চ ফেরার পর আর স্ত্রীর সঙ্গে থাকছেন না। ফলে নির্যাতনের সুযোগও ছিল না।

এদিকে মঙ্গলবার স্ত্রী নির্যাতনের মামলাটির জামিন বাতিলের শুনানিতে জাহাঙ্গীরের আইনজীবী আদালতে হাজির হননি।

ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৮ জুন দিন রেখেছেন।

বিচারক এদিন বাদী পক্ষের আইনজীবীদের বলেন, জামিন বাতিলের আবেদনের নোটিসটি আসামি গ্রহণ করেননি। তার বাড়ির নিরাপত্তাকর্মীও নোটিসটি নিতে চাননি বলে নথিপত্রে উল্লেখ রয়েছে।

“সে কারণে আদালতের সমন জারিকারক বাড়ির প্রবেশপথে ওই নোটিস টানিয়ে এসেছেন। আর একটি তারিখ পড়ুক। দেখি আসামি জামিন বাতিলের শুনানির এ নোটিস গ্রহণ করে কি না।”

জাহাঙ্গীর আলম এ মামলায় বিচার এড়ানোর চেষ্টা করছেন বলে বাদী পক্ষের আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেন ও জীবনানন্দ চন্দ জয়ন্ত আদালতে অভিযোগ করেন।

আলোচিত এ মামলায় কয়েকদিনের মধ্যেই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারের এসআই হেলেনা বেগম।

পুরনো খবর:

উপ-সচিবের জামিন, আইনজীবীর প্রশ্ন
যৌতুক দাবিতে নির্যাতনের আসামিকে আত্মসমর্পণের পরামর্শ পুলিশের