উপ-সচিবের জামিন, আইনজীবীর প্রশ্ন
মামলার বাদীর উপর চালানো নির্যাতনের প্রমাণপত্র চিকিৎসা সনদ হাসপাতালে কর্তৃপক্ষের কাছ থেকে নিতে পুলিশ দেরি করছে বলেও অভিযোগ উঠেছে।
এই মামলার আসামি উপ-সচিব জাহাঙ্গীর আলম বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রাইভেট-পাবলিক পার্টনারশিপ অথরিটি শাখার পরিচালক পদে কর্মরত।
তার বিরুদ্ধে যৌতুক চাওয়ার জন্য একটি এবং যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে আরেকটি মামলা করেছেন তার স্ত্রী নাজমা বেগম।
ঢাকার মিরপুরের রূপনগর থানায় গত ৬ এপ্রিল দায়ের করা যৌতুক চাওয়ার মামলায় রোববার ঢাকার হাকিম আদালত থেকে জামিন নিয়েছেন উপ-সচিব জাহাঙ্গীর।
একই থানায় গত ১০ এপ্রিল দায়ের করা নির্যাতনের মামলাটিতে তিনি গত ১৯ মে জামিন নেন। হাকিম আদালতই তাকে জামিন দেয়।
যৌতুকের দাবি না মেটানোয় জাহাঙ্গীর নির্যাতন চালিয়েছিলেন বলে নাজমার অভিযোগ। মামলার পর স্বামীর ‘অনৈতিক কাজের’ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে গত ৩০ এপ্রিল একটি আবেদনও করেন তিনি।
তবে সরকারি কর্মকর্তা জাহাঙ্গীর তার বিরুদ্ধে আনা স্ত্রীর অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন। তিনি বলছেন, গত ৪ মার্চ তিনি নাজমাকে তালাক দিয়েছিলেন এবং তারপর থেকে তারা একসঙ্গে থাকেন না।
যৌতুকের দাবিতে নির্যাতনের মামলাটিতে জাহাঙ্গীরের জামিন পাওয়াকে ‘অস্বাভাবিক’ বলে মন্তব্য করেছেন নাজমার আইনজীবী জাকির হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় সাধারণত সিএমএম কোর্ট থেকে জামিন হয় না। এ ধরনের মামলায় সাধারণত মহানগর দায়রা জজ আদালত বা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে জামিন দেওয়া হয়।
“আসামি উচ্চপদস্থ কর্মকর্তা হওয়ায় এই অস্বাভাবিক জামিন দেওয়া হয়েছে। জামিন আদেশের নথিতে বিচারক লিখেছেন- ‘যেহেতু উচ্চপদস্থ কর্মকর্তা তাই জামিন দিলাম’। তাহলে কি উচ্চপদস্থ কর্মকর্তা হলেই পার পেয়ে যাবেন?”
বাদী নাজমার অভিযোগ, তার স্বামী তাকে প্রচণ্ড মারধর করেছিলেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি হলেও সেখান থেকে চিকিৎসা সনদপত্র নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন করলেও কোনো পদক্ষেপ নেননি তদন্ত কর্মকর্তা।
মামলাটির তদন্তে ছিলেন রূপনগর থানার এসআই সালমান হাসান। এখন তার তদন্তভার ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের এসআই হেলেনা বেগমের উপর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় প্রথম তদন্ত কর্মকর্তা এসআই সালমান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি মাত্র ১০ কার্য দিবস এ মামলাটি তদন্ত ও দেখভাল করেছি। সময় পাইনি চিকিৎসা সনদ সংগ্রহের।”
নতুন তদন্ত কর্মকর্তা এসআই হেলেনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আবেদন করেছি। শিগগিরই তা আদালতে জমা দেওয়া হবে।”
বনানীর ধর্ষণ মামলা নিয়ে নিজের ব্যস্ততার কথা জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “মামলাটির তদন্ত যথাযথ নিয়মেই করা হবে। তদন্তে কোনো ত্রুটি রাখব না।”
এই মামলার পর পুলিশ আসামিকে গ্রেপ্তারে বাড়িতে গিয়েও তার কর্মকর্তা পরিচয় পেয়ে ফিরে এসেছিল বলে বাদী জানান।
গত ৬ এপ্রিল করা নাজমার মামলার এজাহারে বলা হয়, ১৯৯৫ সালে বিয়ের সময় জাহাঙ্গীরকে পাঁচ লাখ টাকার আসবাবপত্র ও স্বর্ণালঙ্কার এবং নগদ পাঁচ লাখ টাকা দেওয়া হয়। পরে পুঁজিবাজারের বিনিয়োগে ক্ষতিগ্রস্ত হয়ে এই কর্মকর্তা পৈত্রিক সম্পত্তি বিক্রি করে টাকা এনে দিতে বলেন স্ত্রীকে। এর ধারাবাহিকতায় ২০ লাখ টাকা যৌতুক চেয়ে না পেয়ে আসামি গত ৬ জানুয়ারি রূপনগরের বাসা থেকে বের করে দেন স্ত্রীকে।
মামলাটি করার পর জাহাঙ্গীর বুঝিয়ে-শুনিয়ে সন্তানসহ স্ত্রীকে বাসায় নিয়ে যাওয়ার পর ১০ এপ্রিল শারীরিক নির্যাতন চালান বলে তার স্ত্রীর অভিযোগ।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, তিনি ৪ মার্চ স্ত্রীকে তালাক দিয়ে সরকারি সফরে অস্ট্রেলিয়া গিয়েছিলেন। সেখান থেকে ২৫ মার্চ ফেরার পর আর স্ত্রীর সঙ্গে থাকছেন না।
“আমি আলাদা বাসায় থাকি, কখন ওই বাসায় গিয়ে স্ত্রীকে মারধর করলাম? মারধর করার শারীরিক সক্ষমতাও আমার নেই।”
