সাংসদ শওকতের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুদক
নীলফামারীর সংসদ সদস্য জাতীয় পার্টির নেতা মো. শওকত চৌধুরীসহ নয়জনের বিরুদ্ধে কোটি টাকা ঋণ জালিয়াতির এক মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ মামলার বাকি আসামিরা সবাই বাংলাদেশ কমার্স ব্যাংকের বিভিন্ন পর্যায়ের সাবেক কর্মকর্তা। শিগগির তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৃহস্পতিবার কমিশনের বৈঠকে বাংলাদেশ কমার্স ব্যাংকের ঋণ জালিয়াতির এই মামলার অভিযোগপত্র অনুমোদন করা হয়।
দুর্নীতি দমন কমিশন গত বছরের ৮ মে ঢাকার বংশাল থানায় এই মামলা দায়ের করে। পরে দুদকের উপ-পরিচালক মাহবুবুল আলম তদন্তের দায়িত্ব পান।
মামলার অভিযোগে বলা হয়েছে, বাংলাদেশ কমার্স ব্যাংকের বংশাল শাখায় নীলফামারীর মেসার্স উদয়ন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে ৮২ লাখ ৮৯ হাজার ৮৯৫ টাকার পণ্য আমদানির কথা বলে দুটি ঋণপত্র খোলা হয়। কিন্তু ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাংসদ শওকত চৌধুরীসহ বাকি আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে সুদসহ ঋণের এক কোটি ১১ লাখ ৭৮ হাজার ৮৯১ টাকা আত্মসাৎ করেন।
