পুলিশ-সাংবাদিক পরিচয়ে অর্থ আদায়, ৯ প্রতারক গ্রেপ্তার
পুলিশ, সাংবাদিক ও ব্যবসায়ী পরিচয়ে সাধারণ মানুষকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত একটি চক্রের নয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার রাজধানীর ডেমরা থানা এলাকার শাহজালাল রোডের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ওই চক্রের কাছে জিম্মি থাকা আজিজ ও আরমান নামে দুজনকে উদ্ধার করেছে ডিবি।
গ্রেপ্তাররা হলেন আবদুল হালিম, রনি, মোবারক হোসেন, রোজিনা, সেলিম, মঞ্জু, রফিক, মোস্তফা এবং হান্নান মাতব্বর।
তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি এবং দুই জোড়া হাতকড়া জব্দ করা হয়েছে।
বুধবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম-কমিশনার আবদুল বাতেন বলেন, গ্রেপ্তাররা বিভিন্ন পরিচয়ে মানুষকে ভয়ভীতি দেখিয়ে মারধর করে মুক্তিপণ আদায় করতো।
“তারা সাংবাদিক ও পুলিশ পরিচয় ছাড়াও ব্যবসায়িক অংশীদার হতে, পাত্র-পাত্রী খোঁজা ও বিদেশে লোক পাঠানোর কথা বলে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ আদায় করে আসছিল।”
পাত্রী দেখতে গিয়ে প্রতারকের খপ্পরে
প্রতারকদের কাছে জিম্মি থাকা আরমান সংবাদ সম্মেলনে জানান, কয়েক মাস আগে ছেলের বিয়ের জন্য পাত্রী খুঁজতে গিয়ে নরসিংদীর সেলিমের সঙ্গে পরিচয় হয় তার। কিন্তু তিনি দরিদ্র বলে সেলিম তার ছেলের জন্য পাত্রী খুঁজতে রাজি হয়নি। পরে তিনি তার ভাতিজা আজিজের বিয়ের জন্য পাত্রী খুঁজে দিতে বলেন সেলিমকে। সেলিম ডেমরার কোনাপাড়ার একটি বাসায় আসতে বলেন আরমানকে। আরমান ভাতিজা আজিজকে নিয়ে ওই বাড়িতে গেলে তাদের দুজনকে জিম্মি করে প্রতারকরা।
সারা দিন তাদের দুজনকে ওই বাড়িতে আটকে রেখে মারধর করে প্রতারক চক্রের সদস্যরা। এক পর্যায়ে হত্যার ভয় দেখিয়ে এক নারীর সঙ্গে দুজনের ছবি তুলে তাদের কাছে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।
পরে ডিবি সদস্যরা খবর পেয়ে শাহজালাল রোডের বানী গার্মেন্টস আয়েশা মঞ্জিলের চতুর্থ তলার ওই বাসায় অভিযান চালায় বলে জানান সহকারী কমিশনার মো. বশির উদ্দিন।
সংবাদ সম্মেলনে বাড্ডার টি-মার্ট ফ্যাশন নামে একটি গার্মেন্ট কারখানার পরিচালক আজিজুর রহমান এবং মহাব্যবস্থাপক শিকদার খায়রুজ্জামান টিপু ব্যবসায়ীক অংশীদার খুঁজতে গিয়ে প্রতারকদের খপ্পড়ে পড়ার ঘটনা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
টিপু বলেন, তিনি গত ১২ এপ্রিল গার্মেন্ট ব্যবসার অংশীদার চেয়ে দুটি দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেন।
“কয়েকদিন পর একজন ফোন করে আগ্রহের কথা জানিয়ে তাদের ডেমরার অফিসে দেখা করতে বলে। পরে ২৫ মে তাদের অফিসে প্রবেশ করার পরপরই তারা আমাদের ঘিরে ফেলে ওই বাসায় আটকে রাখে।
“সেখানে সাংবাদিক পরিচয় দিয়ে একজন এসে বলে- আমরা নাকি ইয়াবা ব্যবসায়ী। এরপর তারা একটি মেয়ের সঙ্গে ইয়াবার মতো কিছু লাল বড়ি দিয়ে আমাদের ছবি তোলে ও ভিডিও করে। এসব ছবিসহ পুলিশের কাছে তুলে দেওয়ার ভয় দেখিয়ে আমাদের কাছে প্রথমে দশ লাখ এবং পরে পাঁচ লাখ টাকা চায়।”
তাদের দুজনকে মারধর করে প্রতারকরা ৬৫ হাজার টাকা আদায় করে রাতে ছেড়ে দেয় বলে জানান টিপু।
ছাড়া পাওয়ার পর তারা ডেমরা থানায় গিয়ে জিডি করতে চাইলেও পুলিশ তা নেয়নি বলে জানান আজিজুর। ডিবি প্রতারকদের নয়জনকে গ্রেপ্তার করলে গোয়েন্দাদের পরামর্শে মঙ্গলবার তারা ডেমরা থানায় একটি মামলা করেন বলেও জানান তিনি।
ওই প্রতারক চক্রটির আরও কমপক্ষে ২০ জন সদস্য থাকার ধারণার কথা জানিয়ে ডিবির সহকারী কমিশনার মো. বশির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
