২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে প্রধানমন্ত্রীর ডিজিটাল হাজিরা

সংসদ সদস্য হিসেবে ডিজিটাল পরিচয়পত্র ব্যবহার করে হাজিরা দিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2017, 01:06 PM

Updated : 11 Oct 2022, 02:04 PM

পুরনো খবর:

ডিজিটাল হচ্ছে সংসদ ভবনে প্রবেশ ও কোরাম গণনা পদ্ধতি

অস্ট্রিয়া সফর শেষে বুধবার সকালে দেশে ফেরার পর বেলা ১১টায় সংসদ বসার ঠিক আগে অধিবেশনে হাজির হন সরকারপ্রধান।

সংসদ কক্ষে তাকে নীল ফিতায় সবুজ রঙের নতুন ওই পরিচয়পত্র ঝুলিয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নিতে দেখা যায়।

সংসদ সদস্যদের হাজিরা গণনার ব্যবস্থা ডিজিটাল করার অংশ হিসেবে নতুন এই পরিচয়পত্র দিচ্ছে সংসদ সচিবালয়। বুধবারই তা আইনপ্রণেতাদের সরবরাহ করা শুরু হয়েছে।

নতুন এই পরিচয়পত্র পাওয়ার পর সংসদ সদস্যদের তা নির্দিষ্ট যন্ত্রে স্ক্যান করিয়ে সংসদ কক্ষে ঢুকতে হবে। সংসদের কোরাম ও হাজিরা গণনার সনাতন পদ্ধতির ডিজিটাইজেশনের জন্য এ নিয়ম করা হয়েছে। আগে সংসদ সদস্যরা নির্দিষ্ট খাতায় সই করে হাজিরা দিতেন।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই অধিবেশন থেকে হাজিরা গণনার ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছে। প্রধানমন্ত্রীও আজ ডিজিটাল পদ্ধতিতে হাজিরা দিয়েছেন। সব সংসদ সদস্য নতুন পরিচয়পত্র পেলে এটা পূর্ণাঙ্গভাবে চালু হবে।

শব্দযন্ত্র বিভ্রাট

সংসদ ভবনের অধিবেশন কক্ষে শব্দযন্ত্রের ত্রুটির কারণে সংসদ সদস্যদের মাউথ পিস অন করতে হচ্ছে নিজেদের।

বুধবার অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সেন্ট্রাল সাউন্ড সিস্টেমের ত্রুটির কথা সংসদ সদস্যদের অবহিত করে বলেন, “সেন্ট্রাল সাউন্ড সিস্টেম অন করা যাচ্ছে না। আমি নাম বলার পর নিজেরা নিজেদের মাইক্রেফোন অন করবেন। আমি এ ব্যাপারে সহযোগিতা করব।”

সংসদে স্পিকার কোনও সংসদ সদস্যকে ফ্লোর দিলে কেন্দ্রীয়ভাবে তার মাইকে চালু হয়ে যায়। স্পিকার তাকে বসতে বললে মাইক বন্ধ হয়ে যায়।

যান্ত্রিক ত্রুটির কারণে এখন সংসদ সদস্যদের নিজেদের মাইক সুইচ চেপে চালু করতে হচ্ছে।

বুধবার সংসদে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তরে প্রথমে প্রশ্ন করার জন্য স্পিকার লক্ষ্মীপুরের সংসদ সদস্য মো. আবদুল্লাহকে আহ্বান জানান। এসময় স্পিকার তাকে সুইচ চেপে মাইক অন করার কথা স্মরণ করিয়ে দেন।

পরে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিসের ওপর আলোচনায় চট্টগ্রামের সংসদ সদস্য এম এ লতিফকে ফ্লোর দেন স্পিকার শিরীন শারমিন।

তার আসনের মাইক কাজ না করায় আশপাশের অন্য আসনের মাইক ব্যাবহার করতে চান এম এ লতিফ।

কয়েক মিনিট ওই অবস্থায় চলে। এ সময় স্পিকার শিরীন শারমিন বলেন, “মাননীয় সদস্য, আপনি নিজের আসন ছেড়ে সবসময় অন্যের আসনে বসতে পছন্দ করেন। এজন্য আপনাকে আজ অন্যের আসন থেকে কথা বলতে হচ্ছে।”