২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রকৃত তথ্য না জেনেই হাওরে দুর্নীতির কথা বলা হচ্ছে’

প্রকৃত তথ্য না জেনেই অনেকে হাওরাঞ্চলে বাঁধ নির্মাণে দুর্নীতি নিয়ে কথা বলছেন বলে জাতীয় সংসদে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2017, 07:07 PM

Updated : 11 Apr 2022, 11:40 PM

হাওরের ঘটনা নিয়ে তথ্যউপাত্ত ছাড়াই ঢালাও মন্তব্য করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী মঙ্গলবার সংসদে বলেন, “অনেকে প্রকৃত তথ্য না জেনেই রাজনীতির নামে মানুষকে খুশি করার জন্য কোটি কোটি টাকার দুর্নীতি-লুটপাটের কথা বলছে। হাওরে বরাদ্দ হয়েছে ২০ কোটি টাকার যার মধ্যে রক্ষণাবেক্ষণে খরচ হয়েছে ৯ কোটি। অথচ বলে দেওয়া হলো কোটি কোটি টাকার লুটপাটের কথা।”

এক সম্পুরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

এপ্রিলের শুরুতে বৃষ্টি ও উজানের ঢলে তলিয়ে যায় হাওরাঞ্চল। এতে কিশোরগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জসহ আশপাশের ছয়টি জেলার হাওর এলাকার মোট দুই লাখ ১৯ হাজার ৮৪০ হেক্টর জমির ফসল নষ্ট হয়, ক্ষতিগ্রস্ত হয় আট লাখ ৫০ হাজার ৮৮টি পরিবার।

হাওরে অকাল বন্যায় ফসলহানির জন্য বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে অনিয়মের অভিযোগ তদন্তে এরইমধ্যে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছেন দুদক কর্মকর্তারা।

গত ৪ মে পাউবোর মহাপরিচালকসহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের পর দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের প্রকল্পগুলো বাস্তবায়ন তদারকির দায়িত্বপ্রাপ্ত এই সংস্থার প্রচণ্ড গাফিলতির প্রমাণ মিলেছে।

দুদককে এই দুর্নীতি তদন্তের নির্দেশও দিয়েছেন হাওরাঞ্চলের এক সময়ের জনপ্রতিনিধি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩০ এপ্রিল সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত হাওর এলাকা পরিদর্শনে গিয়ে বাঁধ নির্মাণে কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

এর মধ্যে হাওরাঞ্চলের বাঁধ নির্মাণ ও সংস্কার কাজের সঙ্গে যুক্ত পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তিন প্রকৌশলীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

হাওরের ঘটনা তদন্তে যাওয়া দুদকের প্রতি ইঙ্গিত করে আনিসুল ইসলাম বলেন, “সরকারি একটি প্রতিষ্ঠান সেখানে তদন্তে গেল। তাদের জানানো হলো ইঁদুর গর্ত করার কারণে বাঁধ ভাঙ্গতে পারে। এটা শুনে তারা হেসে ‍উড়িয়ে দিল। প্রত্যেকটি বিষয়ের আলাদা কিছু ধরণ রয়েছে। এইগুলো না জেনে এভাবে হেসে উড়িয়ে দিলে তো হয় না।

“দুর্নীতি বা অনিয়ম হয়নি সেটা আমি বলছি না। যারা চুরি করবে তাদের অবশ্যই আমরা ধরব। তবে, দুর্নীতি হলে সেটা তদন্ত করে বলতে হবে। তদন্ত প্রমাণের আগে মানুষকে খুশি করার রাজনীতি করার জন্য এগুলো বলে প্রতিষ্ঠানকে ধ্বংস করা উচিত নয়।”

মন্ত্রী জানান হাওর অঞ্চলে এক হাজার ৪৫৫ কিলোমিটার বাঁধ রয়েছে। আর এই দীর্ঘ বাঁধ দেখভালের জন্য মাত্র ১০ জন প্রকৌশলী রয়েছেন।

আরেক প্রশ্নের জবাবে পানি সম্পদমন্ত্রী হাওর অঞ্চলের বাঁধ ভেঙ্গে যাওয়ার পেছনে কারো অনিয়ম, দুর্নীতি বা অবেহলার প্রমাণ পেলে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

মন্ত্রী বলেন, “পানি উন্নয়ন বোর্ডের কোনো প্রকার অনিয়ম, দুর্নীতি বা কোনো অবহেলার কারণে হাওরের বাঁধগুলি ভেঙ্গে গেছে কী না তা তদন্তে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করবে।

প্রতিবেদনে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমুলক ব্যবস্থাসহ প্রতিবেদনের সুপারিশের আলোকে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।”

গঙ্গা ব্যারেজ নির্মাণ প্রকল্প বাতিল বিষয়ে এক প্রশ্নে পানি সম্পদমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও সফল নেতৃত্বে গঙ্গা চুক্তি হয়েছে। আমরা পানি পাচ্ছি। এই পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য গঙ্গা ব্যারেজ প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। কিন্তু ব্যারেজ নিয়ে প্রশ্ন উঠেছে। এজন্য আমরা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি করে দিয়েছি। ওই কমিটি পানির সর্বোত্তম ব্যবহারে যেসব সুপারিশ করবে তারপর ঠিক করা হবে এই বিষয়ে কী করা হবে।”

দুধ ও মাংসের উৎপাদন বেড়েছে

এক প্রশ্নে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক জানান, বর্তমানে দেশের ৪২ শতাংশ গবাদি পশু শঙ্কর জাতে রূপান্তরিত হয়েছে।

সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, এসবের ফলে দুধ ও মাংস উৎপাদন বেড়েছে। ২০০৮–২০০৯ অর্থবছরে দেশে জনপ্রতি দৈনিক দুধের প্রাপ্যতা ছিল ৪৩ দশমিক ৩৫ লিটার। ২০১৫–২০১৬ অর্থ বছরে তা দাঁড়িয়েছে ১২৫ দশমিক ৫৯ লিটার। ২০২১ সালে জনপ্রতি দৈনিক উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫০ লিটার।

২০০৮–২০০৯ অর্থবছরে মাংসের প্রাপ্যতা ছিল জনপ্রতি দৈনিক ২০ দশমিক ৪৪ গ্রাম। ২০১৫–২০১৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ দশমিক ২১ গ্রাম। ২০২১ সালে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১০ গ্রাম।

আরেক প্রশ্নে মন্ত্রী জানান, চলতি অর্থবছরে গত এপ্রিল পর্যন্ত বিভিন্ন দেশে প্রায় তিন হাজার ৪৪৮ কোটি টাকার মাছ রপ্তানি করা হয়েছে। পাশাপাশি একই সময়ে প্রায় ৩৩৮ কোটি টাকা মূল্যের মাছ আমদানি করা হয়েছে।

নারী নির্যাতন দমনে ৪১টি ট্রাইব্যুনাল হবে

নারী ও শিশু নির্যাতন মামলা দ্রুত বিচারের জন্য শিগগির আরও ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

মঙ্গলবার সংসদে এক তারকা প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, সারা দেশে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে গত ৩১ মার্চ পর্যন্ত এক লাখ আটান্ন হাজার ৮৬৯টি মামলা বিচারাধীন ছিল।

তিনি বলেন, পুরান মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিস্পিত্তির জন্য সমন জারি নিশ্চিত করে সাক্ষীদের হাজির করে দ্রুততম সময়ে সাক্ষ্য গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। সলিসিটরেরর নেতৃত্বে মনিটরিং সেল কাজ করছে। প্রত্যেক জেলায় কেস ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে। জেলা লিগ্যাল এইড অফিস স্থাপন করা হয়েছে। বিচারকের শূণ্য পদ পূরণ এবং আরও বিচারকের পদ সৃষ্টির বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় আছে। এছাড়া বিকল্প নিরোধ নিস্পত্তির মাধ্যমে মামলা জট কমানোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরেক প্রশ্নে আনিসুল হক বলেন, ২০১৫-২০১৬ অর্থবছরে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার মাধ্যমে সরকারি খরচে ৫৭ হাজার ৮৯ জন সহযোগিতা পেয়েছেন। এই অর্থবছরে মোট তহবিলের ৯৮ দশমিক ২১ শতাংশ খরচ হয়েছে।