রাষ্ট্রপতির কাছে আইন কমিশনের প্রতিবেদন
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন দিয়েছে আইন কমিশন।
বুধবার কমিশনের চেয়ারম্যান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যায় বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি সাংবাদিকদের বলেন, সাক্ষাতের সময় প্রতিনিধি দল আইন কমিশনের চলমান কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
চেয়ারম্যান খায়রুল হক এসময় জানান, কমিশন স্বাস্থ্য সেবা ও ট্রাস্ট সম্পর্কিত আইনের খসড়া তৈরি করেছে।
রাষ্ট্রপতি কমিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
রাষ্ট্রপতি বলেন, খসড়া আইন প্রণয়নে আইন কমিশনের কাজ খুব গুরুত্বপূর্ণ।
