চুকনগর গণহত্যায় নিহতদের স্মরণে ১০ হাজার মোমবাতি প্রজ্জ্বলন
মুক্তিযুদ্ধে খুলনার চুকনগরের পাকবাহিনীর গণহত্যার শিকার ১০ হাজার নিরীহ মানুষের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘দশ হাজার মোমবাতি’ প্রজ্জ্বলন করা হয়েছে ।
শনিবার সন্ধ্যায় ‘চুকনগর গণহত্যা দিবস’ উপলক্ষে নিহতদের স্মরণে এ মোমবাতি প্রজ্জ্বালন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ সোসাইটি ফর কালচারাল অ্যান্ড সোশ্যাল স্টাডিজ। এতে সহযোগিতা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
অনুষ্ঠানে স্বাধীনতাবিরোধীদের সঙ্গ ত্যাগ করতে না পারায় বিএনপিকে জাতীয় শহীদ মিনারের যে কোনো কার্যক্রমে অংশ নেওয়ার অধিকার থেকে দূরে রাখার দাবি জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
তিনি বলেন, “যারা স্বাধীনতাকে অস্বীকার করে তাদের নিয়ে রাজনীতি করা... জঙ্গির সঙ্গীদেরকে জাতীয় শহীদ মিনারের সকল অনুষ্ঠানে অংশগ্রহণ করা থেকে বিরত রাখার আহ্বান জানাচ্ছি। যদিও সিদ্ধান্তটি কঠিন হবে, তবুও জাতীয় স্বার্থে তা করা উচিত।”
বিএনপিকে উদ্দেশ্য করে ইনু বলেন, “যদি বাংলাদেশকে বাংলাদেশ রাখতে চান তাহলে যারা একাত্তরের স্বাধীনতা যুদ্ধ, বঙ্গবন্ধু, ২৫ শে মার্চের গণহত্যাকে অস্বীকার করে তাদের সঙ্গ ত্যাগ করুন। স্বাধীনতাবিরোধীদের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।”
চুকনগর গণহত্যাকাণ্ডে জড়িতদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে এনে বিচার করার আহ্বান জানান মন্ত্রী।
তিনি বলেন, “চুকনগরে যে হত্যাকাণ্ড ঘটেছিল তা বড় ধরনের মানবাধিকার লঙ্ঘন। একই সাথে এ ঘটনা যুদ্ধাপরাধও। তাই এর সাথে জড়িতদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার হউক। অপরাধীরা দেশে থাকুক আর পাকিস্তানে থাকুক, তাদেরকে আইনের আওতায় আনা হউক।”
চুকনগর গণহত্যাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতিদানের আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
তিনি বলেন, “চুকনগরে তিন ঘণ্টায় ১০ হাজার মানুষকে হত্যা করা হয়েছিল। এ কথা চিন্তা করতেও কষ্ট হয়। অথচ পাকিস্তানিরা তা অস্বীকার করে যাচ্ছে।”
উপাচার্য বলেন, “যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান প্রথম গণহত্যা চালিয়েছিল, সেই বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের নাম উচ্চারণ করা উচিত নয়। তাই আমরা পাকিস্তানের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সম্পর্ক ছিন্ন করেছি।”
ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, “আজ এই প্রতীকী অনুষ্ঠানের মাধ্যমে জানান দিতে চাই, এদেশের মাটিতে মুক্তিযুদ্ধবিরোধীদের কোনো স্থান নেয়। আজ ১০ হাজার মোমবাতি প্রজ্জ্বলন করে সেদিনের সেই ১০ হাজার শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।”
১৯৭১ সালের ২০ মে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে হানাদার পাকিস্তানি সেনাবাহিনী ১০ হাজার নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করে। মুক্তিযুদ্ধ চলাকালে একসঙ্গে একই স্থানে এত লোককে হত্যা করার এ ঘটনা ছিল ইতিহাসে পাকিস্তান বাহিনীর নৃশংসতম, বর্বর ও বৃহৎ হত্যাকাণ্ড।
পাকবাহিনী ও রাজকারদের নির্যাতন থেকে রক্ষা পেতে বাগেরহাট, খুলনা, বটিয়াঘাটা, দাকোপ, ফুলতলাসহ বিভিন্ন জেলা ও উপজেলার হাজারো মানুষ ভারতে যাওয়ার উদ্দেশ্যে আশ্রয় নিয়েছিল চুকনগর এলাকায়। ওইদিন সকাল ১০টা দিকে হাজার হাজার নারী-পুরুষের ওপর পাকিস্তানি সেনারা এ বর্বর হত্যাকাণ্ডের চালায়।
