জেএমবির সাবেক প্রধান সাইদুরের বিরুদ্ধে রায় ২৫ মে
জেএমবির সাবেক প্রধান মাওলানা সাইদুর রহমানসহ তিন আসামির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় আগামী ২৫ মে রায়ের দিন রেখেছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ইমরুল কায়েস মামলার যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের দিন রাখেন।
এই মামলায় নতুন করে সাক্ষ্য শুরু হওয়ার পর দুই মাসের মধ্যেই রায় হতে যাচ্ছে।
মামলার অপর দুই আসামি আবদুল্লাহ হেল কাফী এবং তার স্ত্রী আয়শা আক্তার হাই কোর্ট থেকে জামিন নিয়ে পালিয়ে গেছে।
২০১০ সালের ২৫ মে ঢাকার দনিয়া নূর মসজিদের কাছে একটি বাড়ি থেকে সাইদুরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। সে সময় তাদের কাছে উগ্র মতবাদের বই ও সরকারবিরোধী প্রকাশনার কাগজপত্র পাওয়া যায় বলে আইন-শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে বলা হয়।
পরে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে ঢাকার কদমতলী থানায় তাদের বিরুদ্ধে মামলা হয়। অভিযোগপত্র হওয়ার পর ২০১১ সালের ১৬ জানুয়ারি ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতে বিচারও শুরু হয়; রাষ্ট্রপক্ষে পাঁচজনের সাক্ষ্য শোনে আদালত।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিচারের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও এ মামলায় তা না থাকায় বিচার মাঝপথে আটকে যায়। অনুমোদনের জন্য ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর নথিপত্র পাঠানো হয় মন্ত্রণালয়ে।
গতবছর ২৬ অগাস্ট অনুমোদন পাওয়া গেলে নতুন করে গতি পায় এ মামলার কার্যক্রম। এর ধারাবাহিকতায় আদালত গত ৪ জানুয়ারি পুলিশের দেওয়া অভিযোগপত্র নতুন করে আমলে নিয়ে ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগ গঠনের শুনানি নেন।
নতুন করে সাক্ষ্যগ্রহণ শুরু হয় এপ্রিলে, রাষ্ট্রপক্ষে ১৫ জনের সাক্ষ্য নেওয়া হয়। গত ৮ মে সাইদুরের আত্মপক্ষ সমর্থন শেষ হয়।
এ মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, মাওলানা সাইদুরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে শিবগঞ্জ থানা, কদমতলী থানায় আরও মামলা রয়েছে। এছাড়া অপর একটি মামলায় ২০ বছরের কারাদণ্ড রয়েছে তার।
আর আবদুল্লাহ হেল কাফী জামালপুর থানার একটি হত্যা মামলার আসামি বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
