১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

জেএমবির সাইদুরের বিরুদ্ধে রায় হতে পারে ‘এ মাসেই’

জেএমবির সাবেক প্রধান মাওলানা সাইদুর রহমানসহ তিন আসামির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় এই মাসেই রায় ঘোষণা হতে পারে বলে বিচারিক আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আশা করছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2017, 07:45 PM

Updated : 19 Aug 2022, 04:35 PM

ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতে মামলাটির বিচার কার্যক্রম শেষ পর্যায়ে চলে এসেছে। আগামী ১৫ মে মামলায় যুক্তিতর্কের জন্য দিন রেখেছেন বিচারক ইমরুল কায়েস।

ঢাকার কদমতলী থানার এই মামলায় এপ্রিলে নতুন করে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আসামি মাওলানা সাইদুরের আত্মপক্ষ সমর্থন শেষ হয়েছে গত সোমবার।

এ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মনজুর মাওলা চৌধুরী বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্পর্শকাতর ও জনগুরুত্ব সম্পন্ন হওয়ায় দেশ ও জনগণের স্বার্থে মামলার বিচার দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে।”

এ মাসেই রায় ঘোষণার তারিখ পড়তে পারে বলে আশা করছেন তিনি।

মামলার অপর দুই আসামি আবদুল্লাহ হেল কাফী এবং তার স্ত্রী আয়শা আক্তার হাই কোর্ট থেকে জামিন নিয়ে পালিয়ে গেছেন।

২০১০ সালের ২৫ মে ঢাকার দনিয়া নূর মসজিদের কাছে একটি বাড়ি থেকে মাওলানা সাইদুরসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। সে সময় তাদের কাছে উগ্র মতবাদের বই ও সরকারবিরোধী প্রকাশনার কাগজপত্র পাওয়া যায় বলে আইন-শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে বলা হয়।

পরে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে ঢাকার কদমতলী থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। অভিযোগপত্র হওয়ার পর ২০১১ সালের ১৬ জানুয়ারি ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতে বিচারও শুরু হয়; রাষ্ট্রপক্ষে পাঁচজনের সাক্ষ্য শোনে আদালত।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিচারের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও এ মামলায় তা না থাকায় বিচার মাঝপথে আটকে যায়। অনুমোদনের জন্য ২০১৫ সালের ৮ সেপ্টেম্বরে নথিপত্র পাঠানো হয় মন্ত্রণালয়ে।

গত বছর ২৬ অগাস্ট অনুমোদন পাওয়া গেলে নতুন করে গতি পায় এ মামলার কার্যক্রম। এর ধারাবাহিকতায় আদালত গত ৪ জানুয়ারি পুলিশের দেওয়া অভিযোগপত্র নতুন করে আমলে নিয়ে ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করে দেন।

নথিপত্রে দেখা যায়, মামলায় রাষ্ট্রপক্ষে ১৫ জনের সাক্ষ্য নেওয়া হয়। গত ২৭ এপ্রিল তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান এ আদালতে সাক্ষ্য দেন।

মাওলানা সাইদুরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে শিবগঞ্জ থানা, কদমতলী থানায় আরও মামলা রয়েছে। অপর একটি মামলায় তার ২০ বছরের কারাদণ্ড হয়েছে বলে এই মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

এছাড়া আবদুল্লাহ হেল কাফী জামালপুর থানার একটি হত্যা মামলার আসামি বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

পুরনো খবর:

নতুন করে বিচার শুরু জেএমবি নেতা সাইদুরের