২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় জিম্মি ১২ জন দেশে ফিরেছে

লিবিয়ায় বিভিন্ন সময় জিম্মি থাকা ১২ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2017, 10:47 PM

Updated : 19 Aug 2022, 04:38 PM

বুধবার ভোরে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এবং লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সহায়তায় তারা ঢাকায় পৌঁছান বলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এদের দেশে ফিরিয়ে আনার জন্য র‌্যাব প্রাথমিক উদ্যোগ নেয় বলে বাহিনীটি জানিয়েছে। 

র‌্যাব-৩ অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল তুহিন মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন সময়ে তারা বেশ কয়েকজন মানব পাচারকারীকে গ্রেপ্তার এবং পাচারের উদ্দেশ্যে নেওয়া সাধারণ মানুষকে উদ্ধার করেন।

“তাদের দেওয়া তথ্য অনুসন্ধানে লিবিয়ায় বেশ কয়েকজনের জিম্মি থাকার তথ্য পাওয়া যায়।বিভিন্ন মাধ্যমে তাদের অবস্থান এবং পরিচয় নিশ্চিত হওয়ার পর লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়।

“পরে আন্তর্জাতিক অভিবাসী সংস্থার সহায়তায় মোট ১২ জনকে বুধবার টার্কিশ এয়ারলাইন্সের মাধ্যমে ফিরিয়ে আনা হয়।”

র‌্যাব কর্মকর্তা জানান, এদের মধ্যে কাইয়ুম, মামুন, জাকির, জীবন কৃষ্ণ ও বিল্লাল প্রায় তিন বছর আগে লিবিয়ায় যান।লিবিয়ার সাম্প্রতিক অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপটে কিছু লিবীয় নাগরিক তাদের জিম্মি করে বাংলাদেশি কিছু পাচারকারীর কাছে বেচে দেয়।

“ওই দেশি ও বিদেশি পাচারকারী চক্র দিনের পর দিন বন্দি রেখে তাদের উপর নির্যাতন চালায়।পরে মোবাইলে কান্নার আওয়াজ শুনিয়ে বাংলাদেশে থাকা স্বজনদের কাছ থেকে ৫/৬ লাখ টাকা করে মুক্তিপণ আদায় করে।”

এছাড়া এই ১২ জনের মধ্যে শহিদুল, মোস্তফা, রিপন খাঁন, কালাম ও বজলুল আন্তর্জাতিক মানব পাচারকারীদের হাত ধরে অবৈধভাবে লিবিয়া থেকে সমুদ্রপথে ইতালি যাওয়ার পথে লিবীয় পুলিশের হাতে ধরা পড়েন।পরে অবৈধ অনুপ্রবেশের অপরাধে তাদের বিভিন্ন মেয়াদে সাজা হয়।

শাহাদাত নামে অপরজন লিবিয়া যাওয়ার পথে সুদানের একটি মানব পাচারকারী চক্রের কবলে পড়েন।

দেশে ফেরা অপর একজন জহিরুল ইসলাম এক মাস ১৮ দিন আটকে থাকার পর বাড়ি বিক্রি করে ৬ লাখ টাকা এবং লিবিয়ায় থাকা এক আত্মীয়ের কাছ থেকে ১২ শ’ দিরহাম ধার নিয়ে মুক্তিপণ পরিশোধের পর ছাড়া পান।