২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের ‘ভেতরের দুর্নীতির’ অভিযোগ তদন্তের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও ভয়-ভীতির মাধ্যমে মানুষকে হয়রানির অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2017, 06:47 PM

Updated : 19 Aug 2022, 04:38 PM

বুধবার দুদক কার্যালয়ে ‘কমিশনের অভ্যন্তরীণ দুর্নীতি’ দমন বিষয়ক এক সভায় এ নের্দশ দেন তিনি।

সভার বিষয়ে দুদকের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্নীতি দমন কমিশন বিধিমালা-২০০৭ অনুসারে অভিযোগসংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান।

দুদক চেয়ারম্যানের সভাপতিত্বে সংস্থাটির সচিব আবু মো. মোস্তফা কামালসহ কয়েকজন মহাপরিচালক (ডিজি) ও ঊর্ধ্বতন কর্মকর্তা সভায় অংশ নেন।

ওই কর্মকর্তা জানান, সভার শুরুতে চেয়ারম্যানকে জানানো হয়, কমিশনের প্রধান কার্যালয় ও মাঠ পর্যায়ের কিছু কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও মানুষকে ভয়-ভীতি দেখিয়ে হয়রানিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে সম্পৃক্ত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এরপর চেয়ারম্যান উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, দুদকের কেউ যেন দুর্নীতির জালে জড়িয়ে না পড়ে সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।

কোনো কর্মকর্তা-কর্মচারীর ব্যক্তিগত অপরাধের দায় কমিশন বহন করবে না বলেও সভায় জানিয়ে দেন চেয়ারম্যান।