আপনের দিলদার তলবে হাজির, রেইনট্রির আদনান অসুস্থ
‘ব্যাখ্যাহীনভাবে’ সোনা ও হীরার গয়না মজুদের অভিযোগে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে হাজির হয়েছেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ও তার দুই ভাই।
এদিকে অবৈধভাবে মদ রাখা ও শুল্ক ফাঁকির অভিযোগে শুল্ক গোয়েন্দাদের তলবে হাজির না হয়ে বনানীর রেইনট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক অসুস্থতার কথা বলে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন পাঠিয়েছেন।
আপন জুয়েলার্সের মালিক দিলদার ও তার দুই ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদ বুধবার বেলা ১২টার দিকে ঢাকার কাকরাইলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যালয়ে হাজির হন। তবে এ সময় সাংবাদিকরা তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাননি।
এদিকে একই সময়ে রেইনট্রি হোটেলের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম আদনান হারুনের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির ও রিয়াজ আহমেদ শুল্ক গোয়েন্দা দপ্তরে এসে এক মাসের সময়ের আবেদন জমা দেন।
পরে বেরিয়ে যাওয়ার সময় জাহাঙ্গীর কবির সাংবাদিকদের বলেন, সকালে হঠাৎ আদনান হারুনের ‘রক্তচাপ বেড়ে যাওয়ায়’ তিনি আসতে পারেননি।
“এ বিষয়টি জানিয়ে আমরা সময়ের আবেদন করেছিলাম। উনারা সময় মঞ্জুর করে ২৩ মে আসতে বলেছেন।”
আগের দিনও রেইনট্রি হোটেলের সংবাদ সম্মেলনে আসা আদনানের অসুস্থতার বিষয়ে কোনো চিকিৎসা সনদ জমা দেওয়া হয়নি বলে জানান এই আইনজীবী।
আপন জুয়েলার্সের অন্যতম মালিক দিলদারের ছেলে সাফাত আহমেদ ও তার বন্ধুরা গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের দাওয়াতে ডেকে নিয়ে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ করে বলে গত ৬ মে থানায় মামলা হয়।
দিলদার ও তার ভাইদের বিরুদ্ধে সোনা চোরাচালানের অভিযোগ থাকায় জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে একটি অনুসন্ধান কমিটি করে তদন্ত শুরু করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।এর অংশ হিসেবে গত ১৪ ও ১৫ মে ঢাকায় আপন জুয়েলার্সের পাঁচটি শাখায় অভিযান চালিয়ে প্রায় পাঁচশ কেজি সোনা এবং ৪২৯ গ্রাম হীরার গহনা ‘আটক’ করা হয়, যার মোট দাম ১৭৯ কোটি টাকা।
গত জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ভ্যাট নিবন্ধন নিলেও কোনো অর্থ পরিশোধ না করে ওই হোটেল কর্তৃপক্ষ আট লাখ ১৫ হাজার টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে বলেও শুল্ক গোয়েন্দা বিভাগের অভিযোগ।
এরপর গত ১৪ মে ‘ব্যাখ্যাহীনভাবে’ সোনা ও হীরার গয়না মজুদের অভিযোগে আপন জুয়েলার্স এবং অবৈধভাবে মদ রাখার অভিযোগে বনানীর রেইনট্রি হোটেলের মালিকদের তলব করা হয়।১৭ মে বেলা ১১টায় কাকরাইলে শুল্ক গোয়েন্দা বিভাগের সদরদপ্তরে কাগজপত্রসহ হাজির হতে বলা হয় তাদের।
এছাড়া ভ্যাট ফাঁকি, শুল্ক ফাঁকি এবং মানি লন্ডারিং- এই তিন আইনে রেইনট্রি হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতির কথাও এর আগে জানিয়েছিলেন শুল্ক গোয়েন্দা বিভাগের যুগ্ম পরিচালক শাফিউর রহমান।
ধর্ষণের ঘটনায় আলোচনার কেন্দ্রস্থল রেইনট্রি হোটেল
সাংসদ হারুনের ছেলেদের মধ্যে এইচ এম আদনান হারুন আছেন ওই হোটেলের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে। তবে দেখাশোনা করেন মূলত তার ভাই মাহির হারুন।
মাহিরের বন্ধু পরিচয় দিয়েই সাফাত ধর্ষণের ঘটনার দিন ওই হোটেলে উঠেছিলেন বলে হোটেলকর্মীরা পুলিশকে জানিয়েছেন।
মামলার আসামিদের মধ্যে সাফাত, তার বন্ধু সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী গ্রেপ্তারের পরে রিমান্ডে রয়েছেন।
সাফাতের বন্ধু সাদমান সাকিফ পিকাসো রেস্তোরাঁর অন্যতম মালিক ও রেগনাম গ্রুপের কর্ণধার মোহাম্মদ হোসেন জনির ছেলে। মামলার আরেক আসামি নাঈম আশরাফ এখনও পলাতক।
গত ৬ মে দায়ের করা মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ মার্চ রেইনট্রি হোটেলে সাফাত ও নাঈম দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণ করেছিলেন। অন্য তিনজন ছিলেন সহায়তাকারী।
অভিযোগকারী তরুণীদের একজন জানিয়েছিলেন, পীড়াপীড়িতে বাধ্য হয়ে তারা রেইনট্রি হোটেলে সাফাতের জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন। তাদের নিতে গাড়ি নিয়ে এসেছিলেন সাফাতের গাড়িচালক ও দেহরক্ষী। ধর্ষণের সময় দেহরক্ষী রহমতকে দিয়ে ভিডিও ধারণ করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন ওই তরুণী।
