২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিকারুননিসায় একাদশে ভর্তি হবে পরীক্ষার মাধ্যমে

উচ্চ মাধ্যমিকে শিক্ষার্থী ভর্তিতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা স্থগিত করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2017, 02:09 PM

Updated : 19 Aug 2022, 04:38 PM

এর ফলে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এসএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি না করে নিজস্ব নীতিমালায় পরীক্ষার মাধ্যমে একাদশে শিক্ষার্থী ভর্তি করতে পারবে রাজধানীর এ নামি কলেজটি।

শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা-২০১৭ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে একটি রুলও দিয়েছে হাই কোর্ট।   

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের বেঞ্চ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেয়।

চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ চারজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত ১০ মে দেশের সকল সরকারি-বেসরকারি কলেজে উচ্চ মাধ্যমিকে শিক্ষার্থী ভর্তির জন্য জারি করা ওই নীতিমালা অনুযায়ী ভিকারুননিসা কলেজে ভর্তি কার্যক্রম পরিচালনার বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ রিট আবেদনটি করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ১৯৬১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধ্যাদেশ অনুযায়ী দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হচ্ছে। বোর্ডের কাজ কী হবে তা অধ্যাদেশে ২, ৩, ১৮ ও ৩৯ ধারায় নির্ধারণ করে দেওয়া আছে।

“ভর্তি ও পরিচালনা সংক্রান্ত বিষয় বোর্ড নির্ধারণ করবে। কিন্তু সরকার সার্কুলারে সেই ক্ষমতা বোর্ডকে দেয়নি। ওই অধ্যাদেশের সঙ্গে মিল রেখে ২০০৯ সালে রেগুলেশন তৈরি করা হয়, যেখানে ৪২ ধারায় কলেজের ভর্তি প্রক্রিয়া অধ্যক্ষের হাতে ন্যস্ত আছে। সে অনুযায়ী সরকারি সার্কুলার এই রেগুলেশনের সঙ্গেও সাংঘর্ষিক।”

এ আদালতের সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জনস্বার্থে এই রিট আবেদন করা হলেও এটি শুধু ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্বার্থ সংশ্লিষ্ট। আদালত যে স্থগিতাদেশ দিয়েছে আমরা এর বিরুদ্ধে চেম্বার আদালতে যাব।”

জারি করা ওই নীতিমালা অনুসারে গত ৯ মে সারা দেশে শিক্ষার্থীর কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। অনলাইন ও মোবাইলে এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে ২৬ মে পর্যন্ত।

ঢাকার নটরডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজের ক্ষেত্রেও ওই নীতিমালার কার্যকারিতা সোমবার স্থগিত করে দেয় হাই কোর্ট।

সে অনুযায়ী ওই তিন কলেজ কর্তৃপক্ষ নিজস্ব নীতিমালা অনুসারে পরীক্ষা নিয়ে উচ্চ মাধ্যমিকে শিক্ষার্থী ভর্তি করাবে।

পুরনো খবর:

ঢাকার ৩ কলেজে ভর্তি এসএসসির ফলে আপাতত নয়: হাই কোর্ট
একাদশে ভর্তির কার্যক্রম শুরু